আলাউদ্দীন রাজা, পাইকগাছা (খুলনা):
খুলনার পাইকগাছা উপজেলার প্রাণপ্রবাহ হিসেবে পরিচিত শিবসা নদী দীর্ঘদিনের অবহেলা, পলি জমা ও দখলের কারণে বর্তমানে মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে। প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ এই নদীটি পাইকগাছা ও দাকোপ উপজেলার মধ্যে প্রাকৃতিক সীমানা সৃষ্টি করেছে। একসময় খরস্রোতা ও নাব্য এই নদীতে দিন-রাত নৌকা, লঞ্চ, স্টিমারসহ বিভিন্ন নৌযান চলাচল করলেও বর্তমানে নাব্যতা হারিয়ে অনেকাংশে ভরাট হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, বছরের পর বছর পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় বিভিন্ন স্থানে নদীটি চর ও গোচারণভূমিতে পরিণত হয়েছে। এই সুযোগে প্রভাবশালীদের বিরুদ্ধে নদীর জায়গা দখল করে মাছের ঘের ও বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে। ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত ১৫ থেকে ২০ বছর ধরে শিবসা নদী পুনঃখননের দাবি জানিয়ে এলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে নদীটি দিন দিন সংকুচিত হচ্ছে এবং নৌ-যোগাযোগ প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। একসময় কয়রা, পাইকগাছা, দাকোপ ও আশাশুনি উপজেলার মানুষের যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্যের অন্যতম প্রধান নৌপথ ছিল শিবসা নদী।
এ অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নদী ও খাল পুনঃখনন কর্মসূচির আওতায় শিবসা নদীকে অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী।
তিনি বলেন, “শিবসা নদী পুনঃখনন করা হলে নদীর নাব্যতা ফিরে আসবে, জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে, পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের নৌ-যোগাযোগ, কৃষি, মৎস্যসম্পদ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।”
এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে শিবসা নদী পুনরুদ্ধার করে দক্ষিণাঞ্চলের এই ঐতিহ্যবাহী নদীকে আবারও তার প্রাণচাঞ্চল্য ফিরিয়ে দেওয়া হবে।
