, , ,

কেশবপুরে স্কুল ভবনে ফাটল, জীবন ঝুঁকিতে ক্ষুদে শিক্ষার্থীরা

আরো খবর

এনামুল হাসান, কেশবপুর(যশোর):

যশোরের কেশবপুর উপজেলার ৩ নং মজিদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পাত্রপাড়া গ্রামে অবস্থিত পাত্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি এখন এক চরম মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। গত কয়েক দিনের ভারী বর্ষণের ফলে জরাজীর্ণ বিদ্যালয় ভবনটির চারপাশেই নতুন করে বড় বড় ফাটল দেখা দিয়েছে এবং ছাদের প্লাস্টার ধসে পড়ছে।

এই চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেই প্রতিদিন ক্লাস করতে বাধ্য হচ্ছে বিদ্যালয়টির ১০৭ জন কোমলমতি শিক্ষার্থী। যেকোনো মুহূর্তে ভবনটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

১৪ জুলাই ( মঙ্গলবার) সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিনের পুরনো এই ভবনটির অবস্থা অত্যন্ত নাজুক। গত কয়েক দিনের টানা বৃষ্টির পানি ছাদ চুইয়ে ভেতরে পড়ায় ক্লাসরুমগুলো ভেজা ও স্যাঁতসেঁতে হয়ে পড়েছে। দেয়াল ও ছাদের চাঙড় খসে খসে নিচে পড়ছে। সামান্য শব্দ হলেই শিক্ষক ও শিক্ষার্থীরা আতঙ্কে বাইরে ছুটে আসছেন।

 

৫ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া ঐশী জানায় আমরা যখন ক্লাসে বসি, তখন সবসময় ভয়ে আমাদের বুক ধড়ফড় করে। গতকাল বৃষ্টির পর ক্লাসের দেয়াল দিয়ে পানি পড়তেছিল আর ছাদ থেকে বালু-সুরকি খসে আমাদের গায়ে পড়তেছিল। চারপাশের দেয়ালে এত বড় বড় ফাটল ধরছে যে আমাদের তাকাতেই ভয় লাগে। আমরা শান্তিমতো পড়াশোনা করতে পারছি না।

৫ম শ্রেণির শিক্ষার্থী তানিশা আক্তার মেঘলা তার ভয়ের কথা জানিয়ে বলে স্কুলের ছাদটা ধসে ধসে নিচে পড়ছে। কালকে বৃষ্টির সময় মনে হচ্ছিল এখনই বুঝি ছাদটা আমাদের মাথার ওপর ভেঙে পড়বে। বন্ধুরা সবাই মিলে কান্নাকাটি করছিলাম। এখন আর আমাদের স্কুলে আসতে ইচ্ছা করে না। আমাদের খুব ভয় লাগে।

 

২য় শ্রেণির শিক্ষার্থী সাদিয়া খাতুনের বাবা টিপু সুলতান ক্ষোভ ও আতঙ্ক প্রকাশ করে বলেন গত কয়েক দিনের বৃষ্টির পর থেইকা ভয়ে আমার হাত-পা কাঁপতাছে। এমনিতেই স্কুলের চারপাশ ফাটল ধইরা হাঁ হইয়া রইছে, তার ওপর ছাদের পলেস্তারা ধইরা ধইরা খইসা পড়তাছে। এইটা তো স্কুল না, জ্যান্ত কবরখানা! গরিব মানুষ বইলা কি আমাদের বাচ্চাদের জীবনের কোনো দাম নাই? আমি আমার পোলাডারে আর এই মরণফাঁদে পাঠাবো না।

একই সুর শোনা গেল ৩য় শ্রেণির শিক্ষার্থী আবু দারদা বাবা গোলাম রেজা এর কণ্ঠেও আমার ছেলে কালকে স্কুল থেইকা আইসা কান্দে আর কয়—’বাবা, ক্লাসে বসা থাকা অবস্থায় ছাদের সুরকি আমাগো খাতার ওপর পড়ছে।’ আমি মেম্বার-চেয়ারম্যান ও সরকারের কাছে হাত জোড় কইরা বলি, দয়া কইরা আমাদের পাত্রপাড়া গ্রামের ১০৭টা বাচ্চার জীবন বাঁচান। অতি দ্রুত এইখানে একটা নতুন বিল্ডিংয়ের ব্যবস্থা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন পরিস্থিতি বর্ণনা করে বলেন গত কয়েক দিনের ভারী বর্ষণের পর বিদ্যালয়ের পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ১০৭ জন শিক্ষার্থীর জীবন এভাবে ঝুঁকির মধ্যে রেখে ক্লাস নেওয়া আমাদের শিক্ষকদের জন্যও এক চরম মানসিক নির্যাতন। একদিকে যেমন বর্ষার পানি ছাদ চুইয়ে ক্লাসরুম ভেসে যাচ্ছে, অন্যদিকে তেমনি আতঙ্কে দিন দিন শিক্ষার্থীদের উপস্থিতির হার কমে যাচ্ছে। আমরা চাই দ্রুত এই ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে শিক্ষার্থীদের বিকল্প উপায়ে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হোক এবং অতি দ্রুত একটি নতুন ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হোক।

এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম বলেন কেশবপুরের পাত্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের জরাজীর্ণ অবস্থার বিষয়টি আমাদের নজরে এসেছে। বিশেষ করে গত কয়েকদিনের ভারী বর্ষণে যে নতুন করে ফাটল ও ছাদের সুরকি ধসে পড়ার ঘটনা ঘটেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। আমরা কোনোভাবেই শিক্ষার্থীদের ঝুঁকিতে রেখে ক্লাস চালাতে দিতে পারি না। ভবনটি যদি ক্লাস নেওয়ার অনুপযোগী হয়, তবে সাময়িকভাবে বিকল্প কোনো নিরাপদ স্থানে বা কাছাকাছি কোনো সরকারি ব্যবস্থাপনায় ক্লাস চালিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হবে। এছাড়া, জরুরি ভিত্তিতে একটি নতুন ভবন নির্মাণের জন্য আমরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তাব পাঠাচ্ছি।

কোনো বড় ধরনের প্রাণহানি বা দুর্ঘটনা ঘটার আগেই পাত্রপাড়া গ্রামের এই বিদ্যালয়ের ১০৭ জন কোমলমতি শিশুর জীবন বাঁচাতে এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে অতি দ্রুত প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।

 

আরো পড়ুন

সর্বশেষ