, , ,

ঝিকরগাছায় সরকারি পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

আরো খবর

সাব্বির হোসেনঃ
যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের লাউজানি গ্রামে সরকারি কালেক্টরি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, লাউজানি গ্রামের হোসেন আলীর ছেলে আনোয়ার হোসেন (৪০) ও তাঁর ব্যবসায়িক অংশীদার মোরশেদ আলম স্বপন (৩০) দীর্ঘদিন ধরে ১ দশমিক ৮৬ একর আয়তনের সরকারি কালেক্টরি পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন।

গত বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে পুকুরে উপর্যুপরি বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে বলে অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে আনোয়ার হোসেন পুকুরে গিয়ে দেখতে পান, অধিকাংশ মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। এতে তাঁদের আনুমানিক ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় আনোয়ার হোসেন ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড (লাউজানি) বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

এ বিষয়ে ঝিকরগাছা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ