সাব্বির হোসেনঃ
যশোরের ঝিকরগাছায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল। শুক্রবার (১৩ নভেম্বর) ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শংকরপুর ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঝিকরগাছা ইউনিয়ন।
টানটান উত্তেজনাপূর্ণ এ খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। আয়োজকদের দাবি, ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠে প্রায় ৫০ হাজার দর্শকের সমাগম ঘটে। দর্শকদের মুহুর্মুহু করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠ উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোছা. সাবিরা সুলতানা।
টুর্নামেন্টের সফল আয়োজন ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিযোগিতাপূর্ণ এ টুর্নামেন্টের ফাইনালকে ঘিরে খেলোয়াড়, আয়োজক ও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস।
