, , ,

যশোরে ককটেল বিস্ফোরণের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে মামলা, আটক ৯

আরো খবর

বিশেষ প্রতিনিধি
১২ নভেম্বর বৃহস্পতিবার রাতে যশোরে জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ আদালতের ফটকের সামনে এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন কোতোয়ালি থানার এসআই রাইসুল ইসলাম। বিস্ফোরক দ্রব্য আইনের ধারায় মামলাটি করেন।

বিস্ফোরণ ঘটনার পর থেকে বৃহস্পতিবার রাতে যশোর শহরজুড়ে বিশেষ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে, সুজলপুর গ্রামের মনিরুজ্জামান লাবলু, নরেন্দ্রপুর গ্রামের লাবলু, শহরের চাঁচড়া রায়পাড়ার কাজী বাকেরুল ইসলাম ইরান, ধর্মতলার আরমান হোসেন রিজভী, শহরের বকচর এল মার্কেটের পিছনে ডালিম হোসেন, আব্দুল আলিম গাজী, শরিফুল ইসলাম, সানোয়ার হোসেন।

পুলিশের দায়ের করা মামলায় আসামিরা হচ্ছে, সদর উপজেলার সুজলপুর গ্রামের মৃত মকসেদ গাজীর ছেলে মনিরুজ্জামান লাবলু, নরেন্দ্রপুর ইউনিয়নের ভগবতীপুর এলাকার আব্দুল মজিদের ছেলে লাভলু, চাঁচড়া রায়পাড়া এলাকার কাজী আব্দুল মান্নানের ছেলে কাজী বাকেরুল ইসলাম ইরান, ধর্মতলা এলাকার রকমারি চায়ের দোকানসংলগ্ন এলাকার লুৎফর রহমানের ছেলে আরমান হোসেন রিজভী, বকচর এল মার্কেটের পেছনের এলাকার মৃত ফজলুল হকের ছেলে ডালিম হোসেন, চাঁচড়া রায়পাড়া এলাকার ঢ্যাব পকেটমারের ছেলে সম্রাট, চাঁচড়া রায়পাড়া এলাকার তারেকের ছেলে তানভির, ষষ্ঠীতলা পাখিপট্টি এলাকার মৃত হাফিজুল ইসলামের ছেলে হৃদয়, রেলস্টেশন মাদ্রাসাপাড়া এলাকার ভোমরের ছেলে ভোমর বাপ্পি, পুলেরহাট এলাকার আইজুল, খড়কী কলাবাগানপাড়া এলাকার বাশারের ছেলে তুহিন, খড়কী কলাবাগানপাড়া এলাকার শিপন ভাগ্নে, রেলগেট পশ্চিমপাড়া এলাকার সালামের ছেলে দেলো, খড়কী কলাবাগানপাড়া এলাকার কোকিলের ছেলে মোহন আলী, চাঁচড়া রায়পাড়া এলাকার দেলোয়ারের ছেলে ব্ল্যাক মামুন, বেজপাড়ার শ্রীধর পুকুরপাড় এলাকার অনিল কর্মকারের ছেলে অমিত কর্মকার, কাজীপাড়া কাঁঠালতলা এলাকার আসাদুল্লাহর ছেলে আবুজার হোসাইন, শংকরপুর গোলপাতা মসজিদের পূর্ব পাশের এলাকার হাশেম গাজীর ছেলে ইকবাল বাদশা রনি, শংকরপুর দুলালের মোড় এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে সুমন, শংকরপুরের ৭ নম্বর ওয়ার্ডের বেজপাড়া এলাকার কাদেরের ছেলে আবির, শংকরপুরের ৭ নম্বর ওয়ার্ডের ছোটনের মোড় এলাকার জাফর। তাঁদের মধ্যে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, বৃহস্পতিবার ১২ নভেম্বর রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটের দিকে কোতোয়ালি মডেল থানার এসআই রাইসুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে যশোর রেলস্টেশনের সামনে আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য অবস্থান করছিলেন। এ সময় তিনি জানতে পারেন, জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ আদালতের ফটকের সামনে এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পেছনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

এরপর রাত ৯টার দিকে পুলিশ সহকারী জজ আদালতের ফটকের সামনে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত টিনের কৌটার অংশবিশেষ ও কালো স্কচটেপের দুটি টুকরা উদ্ধার করে। একই সময় অর্থাৎ রাত ৮টা ৩৫ মিনিটের দিকে প্যারিস রোড থেকে আদালত ভবনের পেছনের দিকে ককটেলসদৃশ হাতবোমা নিক্ষেপ করা হয়। বোমাটি আদালত ভবনের পেছনের প্রবেশপথের ডান পাশে প্রাঙ্গণের ভেতরে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। পুলিশ ওই ঘটনাস্থল থেকে ছয়টি বিয়ারিং বল, দুটি কালো স্কচটেপের টুকরা এবং বিস্ফোরিত টিনের কৌটার দুটি অংশ উদ্ধার করে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, আটককৃতরা সকলেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তারা শান্তিশৃঙ্খলা নষ্ট ও যশোরকে অস্থিতিশীল করতে এসব নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ