, , ,

সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি এক রাতে ৫ স্থানে সতর্কতামূলক গুলি, আটক ৮

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি:
অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার সীমান্তে টহল, গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি করা হচ্ছে। দিনে ও রাতে সীমান্তবর্তী এলাকায় মোবাইল পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে। এছাড়া সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে।

গত ১৫ নভেম্বর দিবাগত রাতে সাতক্ষীরা ব্যাটালিয়নের অভিযানিক দল সীমান্তের ৫টি স্থানে অজ্ঞাত ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে কয়েক রাউন্ড সতর্কতামূলক গুলিবর্ষণ করে। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে মানব পাচারের সাথে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

সীমান্তে নজরদারি বাড়াতে থার্মাল ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার, সিসি ক্যামেরা ও সার্চ লাইট ব্যবহার করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।

যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিওপিসহ ব্যাটালিয়নের সকল জনবলকে প্রস্তুত রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরো পড়ুন

সর্বশেষ