ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বরখাস্তকৃত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সরকারি আবাসিক ভবন বা কোয়ার্টার দখল করে সেখানে ব্যক্তিগত চেম্বার খুলে রোগী দেখার গুরুতর অভিযোগ উঠেছে। চিকিৎসাসেবার মতো একটি মানবিক পেশাকে প্রশ্নবিদ্ধ করে সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার করে এই রমরমা বাণিজ্য চালিয়ে যাওয়ায় স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য হাসপাতাল চত্বরে চিকিৎসকদের জন্য আবাসিক কোয়ার্টার বা ভবন বরাদ্দ থাকে। কিন্তু শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সের
বরখাস্তকৃত আরএমও ডা. আব্দুল্লাহ আল মামুন বিধিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাঁর নির্ধারিত সরকারি কোয়ার্টারটার বাদেও অন্য আর একটি কোয়াটারকে ব্যক্তিগত চেম্বারে রূপান্তর করেছেন। হাসপাতালের নির্দিষ্ট ডিউটির সময়ও সেখানে প্রাইভেট রোগী দেখার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
স্থানীয় রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, হাসপাতালে আসা সাধারণ ও দরিদ্র রোগীদের নানাভাবে জিম্মি করে বা দালাল চক্রের মাধ্যমে ওই কোয়ার্টারে অবস্থিত অবৈধ চেম্বারে ভিড় জমাতে বাধ্য করা হয়। এমনকি হাসপাতালে ভর্তি থাকা রোগীদেরও ঠিকমতো সেবা না দিয়ে বিকালে ফি নিয়ে কোয়ার্টারে দেখানোর জন্য চাপ সৃষ্টি করার অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কমিশন বা স্বার্থ হাসিলের জন্য রোগীদের অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতে বাধ্য করার মতো গুরুতর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান, প্রতিবাদ করতে গেলে ওই চিকিৎসকের অসৌজন্যমূলক আচরণ ও ক্ষমতার দাপটের মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। সরকারি বিদ্যুৎ, পানি ও অবকাঠামোগত সুবিধা ব্যবহার করে এভাবে ব্যক্তিগত চেম্বার পরিচালনা করা হলেও স্থানীয় স্বাস্থ্য বিভাগের নীতিনির্ধারক ও উচ্চপর্যায়ের কর্তৃপক্ষ রহস্যজনকভাবে নীরব রয়েছে।
এ বিষয়ে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, সরকারি কোয়াটারকে বক্ত্যিগত চেম্বার করার কোন সুযোগ নেই তবে তাঁর নামে আবাসিক একটি কোয়ার্টার বরাদ্ধ আছে সেখানে তিনি পরিবার নিয়ে থাকেন।অন্য কোয়ার্টারটি তিনি ব্যবহার করেন সে বিষয়ে আমি তাকে একাধিক বার নোটিশ করলেও তিনি সেটার উত্তর বা চেম্বার বন্ধ করেননি।
খুব শীঘ্রই সরেজমিন তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে বিভাগীয় ও দাপ্তরিক নিয়ম অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের স্বাস্থ্যসেবা ও নিয়মের শৃঙ্খলা রক্ষায় আমাদের অবস্থান অত্যন্ত কঠোর।”
এ বিষয়ে বরখাস্তকৃত আরএমও ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারি কোয়ার্টার সরকারি বিধি মেনে মাসিক ১৫০০০ টাকা ভাড়া দিয়ে থাকি।অন্য কোয়ার্টারটি পড়ে ছিলো এজন্য কতৃপক্ষের অনুমতি নিয়ে আমি চেম্বার শুরু করেছি। এতে কোন অসুবিধা আছে।
সিভিল সার্জন বলেন,কোন মেডিকেল অফিসারের দুইটি কোয়ার্টার ব্যবহার সুযোগ নেই।তবে তিনি ব্যবহার করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, তাঁকে মেহেরপুর জেলার গাংনীতে একটি সাবসেন্টারে বদলি করা কিন্তু সাবেক এটর্নি জেনারেল এর মাধ্যমে তাঁর বদলি আদেশ বাতিল এতে আমাদের কি করার আছে।
