সাদনান রহমান সিয়াম, সাতক্ষীরা:
ছেলের বিয়ের আনুষ্ঠানিকতায় যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবা। গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন মা। সোমবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুল আজিজ (৫০)। তিনি শ্যামনগরের গোডাউন মোড় এলাকার বাসিন্দা। তাঁর পৈতৃক বাড়ি উপজেলার জয়নগর গাজীবাড়ি এলাকায়। আহত হয়েছেন তাঁর স্ত্রী রোকেয়া খাতুন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল আজিজের ছোট ছেলে ওসামা গাজীর (২২) বিয়ে হয় গত সপ্তাহে। সেদিন আনুষ্ঠানিকতা হয়নি। সোমবার দুপুরে কনের বাড়ি কৈখালীতে আনুষ্ঠানিকতা হওয়ার কথা ছিল। এ উপলক্ষে বরসহ পরিবারের অন্য সদস্যরা আগেই মাইক্রোবাসে রওনা হন।
পরে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে রওনা হন আব্দুল আজিজ। তিনি নিজেই মোটরসাইকেলটি চালাচ্ছিলেন, পেছনে বসা ছিলেন স্ত্রী রোকেয়া। বংশীপুর-ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায় পৌঁছালে ভেটখালী থেকে বংশীপুরগামী একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল আজিজের মৃত্যু হয়। ছিটকে পড়ে গুরুতর আহত হন তাঁর স্ত্রী।
স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় রেফার করেন।
এদিকে যে বাড়িতে ছেলের বিয়েকে ঘিরে আনন্দ-উৎসবের কথা ছিল, সেখানে এখন শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, দুর্ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
