বিশেষ প্রতিনিধি
যশোরে কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিট বিশেষ অভিযানে জেলা জুড়ে আরও ২২ জনকে আটক করেছে । এর মধ্যে কোতোয়ালি থানা পুলিশের অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে। সোমবার রাত রাত থেকে শুরু করে শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।আটককৃতদের ২৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতোয়ালি থানা পুলিশের অভিযানে আটককৃতদের মধ্যে রয়েছেন, চাঁচড়া ডালমিল এলাকার মৃত শেখ আহমেদ আলীর ছেলে কামরুজ্জামান,পুলিশ লাইন টালিখোলা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ঘুরুলিয়া গ্রামের রাসেল হোসেন, বকচর হুশতলার মানিক ফকিরের ছেলে নজরুল ইসলাম। তাদেরকে গত ৬ জুন বসুন্দিয়ার জঙ্গলবাধাল গ্রামে বিএনপির আঞ্চলিক পার্টি অফিসে হামলা ও ভাংচুর মামলায় আটক দেখানো হয়েছে। অপরদিকে, যশোর সদর উপজেলার জিরাট গ্রামের আলিফ হোসেনের ছেলে শামীম হোসেন, ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ভায়না গ্রামের জুলহাস উদ্দিন ও যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন। তাদেরকে গত ২৮ আগস্ট কাজীপাড়া এলাকায় আওয়ামী লীগের মিছিলের ঘটনার মামলায় আটক দেখানো হয়েছে।
এছাড়া, কাজীপাড়া কাঠালতলা এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে রাজন আহম্মেদকে গত বছরের ২৯ অক্টোবর ঘোপ সেন্ট্রাল রোডের আইএনবি ডিজিটালে যুবলীগের মিছিলের ব্যানার তৈরির মামলায় আটক দেখানো হয়েছে। এবং ফতেপুর চাঁদপাড়া গ্রামের আয়ুব হোসেনের ছেলে রাজামিয়াকে গত ১৮ নভেম্বর ফতেপুর নুরিতলা বাজারে কাভার্ড ভ্যানে ককটেল নিক্ষেপের মামলায় আটক দেখানো হয়েছে। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, আটককৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
