নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগর উপজেলায় ৯ বছর বয়সী চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইমরানের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার( ২৬ অক্টোবর) বিদ্যালয়ে ক্লাস চলাকালে ওই ছাত্রীকে বিদ্যালয়ের বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগে প্রকাশ। পরদিন মঙ্গলবার( ২৭ অক্টোবর) স্কুলে যাওয়ার প্রস্তুতিকালে শিশুটি শরীরের স্পর্শকাতর স্থানে ব্যথা অনুভব করলে তার মা বিষয়টি জানতে পারেন। পরে শিশুটির পরিবার স্থানীয় প্রশাসনকে ঘটনাটি অবহিত করে।
ঘটনার খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুক্তভোগী শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
