, , ,

সাতক্ষীরায় আদালতে তদন্ত কর্মকর্তাকে জুতো নিক্ষেপ, অভিযুক্তকে তিন মাসের কারাদণ্ড

আরো খবর

সাদনান রহমান সিয়াম, সাতক্ষীরা :
সাতক্ষীরায় আদালতের কার্যক্রম চলাকালে মামলার তদন্ত কর্মকর্তাকে লক্ষ্য করে জুতো নিক্ষেপের ঘটনায় এক আসামিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার বিকেলে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডল এ আদেশ দেন বলে জানিয়েছেন আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হোসেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রেজাউল ইসলাম (৪৮)। তিনি কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত বরকতুল্লার ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে কালিগঞ্জ, দেবহাটা ও সাতক্ষীরা সদর থানাসহ বিভিন্ন থানায় অন্তত ৩০টি মামলা রয়েছে এবং তিনি নয় মাসের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, সোমবার সদর উপজেলার কুচপুকুরে ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কার্যালয়ে চেয়ার-টেবিল ও বিএনপি নেতাদের ছবি ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় (জিআর-৯৬/২৫, সদর) সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর জন্য রেজাউলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় তিনি আসামির কাঠগড়ায় ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক আব্দুল্লাহেল আরিফ নিশাত বাদীর কাঠগড়া থেকে নামার পরপরই তাকে লক্ষ্য করে জুতো ছুড়ে মারেন রেজাউল। আদালতের ভেতরে এমন ঘটনায় তাৎক্ষণিক উত্তেজনা সৃষ্টি হয়।

এ ঘটনায় আদালত অবমাননার দায়ে বিচারক তাৎক্ষণিকভাবে রেজাউলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

উল্লেখ্য, মৎস্যজীবী দলের নেতা সাইফুল ইসলামের দায়ের করা ওই মূল মামলায় আওয়ামী লীগ নেতাসহ ৭৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ১৩৫ থেকে ১৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ