সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙা ইউনিয়নে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় এক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডল শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত আসামি মোশাররফ হোসেন (৫৫)। তিনি সদর উপজেলার পাথরঘাটা গ্রামের বাসিন্দা এবং ঝাউডাঙা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামের জনৈক সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ির কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। গত ১০ অক্টোবর বিকেলে তাকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে আসামির বিরুদ্ধে। পরে শিশুটিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত ১৩ অক্টোবর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক শাহারিয়ার হোসেন আসামির তিন দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে সিএসআই মাজেদুর রহমান এবং আসামিপক্ষে অ্যাডভোকেট শফিউর রহমান শফি অংশ নেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তা জানান, আদালতের আদেশের কপি হাতে পাওয়ার পর আসামিকে কারাগার থেকে থানা হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
