, , ,

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ

আরো খবর

সাতক্ষীরা ব্যুরো/ আশাশুনি প্রতিনিধি :
সাতক্ষীরার উপকূলীয় জনপদ আশাশুনি উপজেলার প্রতাপনগরের ৭.১ পোল্ডারের কুড়িকাহুনিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে শুষ্ক আবারও ভাঙন দেখা দিয়েছে। প্রায় ৩০ মিটার বাঁধ ধসে নদী-খালের দিকে চলে যাওয়ায় প্রতাপনগর ও পার্শ্ববর্তী আনুলিয়া ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভাঙন আতঙ্কে এলাকার ৩৫ থেকে ৪০ হাজার মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেড়িবাঁধের ওপর প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপত্তা নিশ্চিতে নির্ভরশীল ১০ থেকে ১২টি গ্রামের মানুষ। এছাড়া ওই এলাকায় রয়েছে তিন থেকে চার হাজার বিঘা কৃষিজমি। যেখানে ধানসহ বিভিন্ন ফসল উৎপাদন এবং মাছ চাষ করা হয়। বাঁধটি ভেঙে গেলে বসতবাড়ি, কৃষিজমি ও মৎস্যঘের প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দা শাহজালাল জানান, উপজেলার কুড়িকাহুনিয়া এলাকায় বাঁধের একটি বড় অংশ ধসে পড়েছে। সারা বছর নদীভাঙন ও জলোচ্ছ্বাসের আতঙ্ক নিয়ে তাঁদের বসবাস করতে হয়। বর্তমানে এলাকায় গাছপালা ও ফসলের আবাদ রয়েছে। বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকলে হাজার হাজার মানুষের ঘরবাড়ি, ফসল ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হবে।

সরজমিনে দেখা গেছে, কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে প্রায় এক হাজার ফুট দূরে ভাঙনপ্রবণ স্থানটিতে ধীরে ধীরে বেড়িবাঁধ ভেঙে নদীতে বিলীন হয়ে যাচ্ছে

এর আগেও বাঁধের একটি স্থানে ভাঙন দেখা দিলে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বালু ও মাটি ফেলে প্রতিরোধের চেষ্টা করেন। পরে পানি উন্নয়ন বোর্ড জরুরি সংস্কারকাজ করে বাঁধটি রক্ষা করে। এবারও দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভাঙন আরও বিস্তৃত হয়ে বড় ধরনের দুর্যোগ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। তাঁরা ঝুঁকিপূর্ণ স্থানটি দ্রুত সংস্কার ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী বিকেলে ভাঙনকবলিত স্থান পরিদর্শন করে এলাকাবাসী নিরাপত্তার সংহতি জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অবহিত করে পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন।

আশাশুনি উপজেলা পানি উন্নয়ন বোর্ডের এসও আলমগীর হোসেন ও ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট রাজু হোসেন জানান, তাঁরা ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন। দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডু বলেন, বেড়িবাঁধ ধ্বসের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হচ্ছে। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ