, , ,

সাতক্ষীরা-৪ এর সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

আরো খবর

সাদনান রহমান সিয়াম,সাতক্ষীরা:
আওয়ামী লীগের সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি-১ এর একটি দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানা গেছে।

আতাউল হক দোলন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে ফজলুল হকের ছেলে। তার বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়।

এসআরবি সূত্র জানিয়েছে, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। এসব মামলায় হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য আইনে অপরাধ, চুরি, মারধর, নাশকতা ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর শ্যামনগর থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়। ওই মামলায় দণ্ডবিধির ৩০২, ৪২৭, ৩৭৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। একই থানায় ২০২৬ সালের ২ জুন করা আরেক মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৫ ধারায় অভিযোগ রয়েছে।

এছাড়া ২০২৪ সালের ১৯ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ১৮ ধারা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ অনুচ্ছেদে অভিযোগ আনা হয়েছে।

আরও জানা গেছে, ২০২৫ সালের ৫ জুন শ্যামনগর থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়। ২০২৬ সালের ১৯ মার্চ একই থানায় করা মামলায় মারধর, হত্যাচেষ্টা, চুরি, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে।

এছাড়া ২০০৬ সালের ৫ মে শ্যামনগর থানায় তার বিরুদ্ধে দুটি মামলা করা হয়। ওই মামলায় ২০০৬ সালের ২৬ অক্টোবর আদালতে ৭০৬ নম্বর চার্জশিট দাখিল করা হয়।

এসআরবি সূত্র বলেছে, গ্রেপ্তারের পর আতাউল হক দোলনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ