, , ,

গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে পতিত শক্তি- নড়াইলে রিজভী

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি, বরং আরও বেড়েছে। এখনো তারা গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে।’ শুক্রবার (২০ নভেম্বর) বেলা নড়াইলের কালিয়া উপজেলায় কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মিদের হামলায় নিহত বিএনপির দুই নেতা সোহেল রানা ও শাহিনুর ইসলামের কবর জিয়ারত ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান তিনি। পরে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

এসময় রিজভীর সঙ্গে নড়াইলের দায়িত্বপ্রাপ্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম, নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, ‘মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেয়ার জন্য বিএনপি লড়াই করেছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে। সেই ভাবে দেশ পরিচালনা করছেন তারেক রহমান। এই দেশে আর কারও যেন মায়ের বুক খালি না হয়, আর কোন স্ত্রী যেন স্বামী হারা না হয়, কোন বোন যেন ভাই হারা না হয়, এই দিক লক্ষ্য রেখেই কাজ করছেন তারেক রহমান।’ শেখ হাসিনাকে উদ্দেশ করে রুহুল কবির রিজভী বলেন, ‘ভারতে পালিয়ে থেকেও অনুচরদের দিয়ে দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। এর নির্মম শিকার হয়েছেন কালিয়ার সোহেল রানা ও শাহিনুর ইসলাম। এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার হবেই।’

উল্লেখ্য, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলা সদরে বিএনপি, ছাত্রদল ও যুবদলের মিছিলে আওয়ামী লীগের হামলায় কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল রানা নিহত হন। এঘটনায় থানায় এখনো মামলা হয়নি। তবে পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে।

আরো পড়ুন

সর্বশেষ