আব্দুস সবুর আল আমিন, কপিলমুনি (খুলনা): কপিলমুনি ইউনিয়নের হযরত জাফর আউলিয়া সড়কটি দীর্ঘ দিন সংস্কার না করায় জনসাধারণের চলাচলে চরম ভোগান্তির কারণ হয়ে দাড়িয়েছে।
প্রতাপকাঠি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয় সামনে থেকে নিমতলা পর্যন্ত সড়কটির পিস তুলে ইট দেয়ায় সড়কটির অবস্থা এখন আরো নাজুক।
স্থানীয়দের অভিযোগ পিস তুলে ইট দেওয়ার ফলে সড়কটি অনেকটা নিচু হয়ে গেছে । বর্তমানে ইটের সলিং এর রাস্তায় চলাচল অযোগ্য হয়ে পড়েছে। সামনে বর্ষাকাল। সড়কটি এখনই সংস্কার করা না হলে দুর্ভোগের সীমা থাকবে না।
এই সড়কটি দিয়ে প্রতিদিন কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থী স্কুল কলেজে যাতয়াত করে। পাশাপাশি কৃষি পণ্য বহনকারী ভ্যান ,পিকাপ, আলম সাধু, মোটরসাইকেল, ইজিবাইক, রোগী বহনকারী এম্বুলেন্সসহ অত্যন্ত কয়েক হাজার মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে । এছাড়া আশেপাশে রয়েছে উল্লেখযোগ্য কিছু হাট-বাজার। প্রতি সপ্তাহে কপিলমুনি বাজারে অধিকাংশ ব্যবসায়ী এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকেন।
প্রতাপকাঠি গ্রামের আবুল কালাম আজাদ ও হাউলী গ্রামের দেবদাস হালদার বলেন, প্রতিদিন আমাদের ছেলে মেয়েদের স্কুল-কলেজে পাঠাতে ভয় পাই। বর্ষার মৌসুম হলেই রাস্তা গর্ত হয়ে যায়। রাস্তাটি এলাকা অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ দাবি করেছে করছে এলাকাবাসী।
