একাত্তর ডেস্ক;
নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলায় দুই নেতা নিহতের পর সৃষ্ট উত্তেজনার জেরে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ প্রায় ৩৫টি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে কালিয়া বাজারের কিছু দোকানপাট ভাঙচুর করে লুটপাট করা হয়েছে।
বিক্ষুব্ধ জনতা এসব বাড়িতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিএনপি। নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতাকে হত্যার একদিন পর ‘সহিংসতার’ মধ্যে হিন্দু সম্প্রদায়েরর বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে তা ‘মিথ্য ও ভিত্তিহীন’ বলে দাবি করেছে বিএনপি।
শনিবার দুপুরে কালিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু এই দাবি করেন।
তিনি বলেন, “আমরা বিভিন্ন ফেইসবুক পেজে দেখছি, দুই শতাধিক হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ঘটনাগুলো ফেইসবুকে ছড়ানো হচ্ছে।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলার বিএনপি, কৃষকদল, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। এ সময় তাদের বহর বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল রানা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত দু’জনকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কালিয়া মডেল মসজিদে নিহত দু’জনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, শুক্রবার দূপুরে নিহত দুই নেতার কবর জিয়ারত করতে কালিয়ায় আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম, নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ জেলা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দ নিহত বিএনপির দুই নেতা সোহেল রানা ও শাহিনুর ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় বিক্ষুব্ধ জনতা নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লেিগর সাধারণ সম্পাদক কৃষ্ণ ঘোষ এবং কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ ৩৫টি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগ করে।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে ভুক্তভোগী পরিবারের সদস্যরা মামলা করার জন্য থানায় আসবেন বলে কথা হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। এছাড়া শুক্রবারে কিছু বাড়িতে বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে বিডি নিউজ জনায়, বেন্দারচর গ্রামে পুড়ে যাওয়া বাড়িঘরের মধ্যে নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘর আছে।
এ ছাড়া কালিয়া বাজারের পাশের ঘোষপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতেও হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের কথা বলছেন স্থানীয়রা।
এসব ঘটনার মধ্যেই ফেইসবুকে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার বিষয়টি ছড়িয়ে পড়ে। পুলিশের পক্ষ থেকেও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার বিষয়টি নাকচ করা হয়েছে।
দুপুরে সংবাদ সম্মেলনে এসে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু বলেন, “আমরা এরই মধ্যে এই হত্যাকাণ্ডের পর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সেজন্য আমাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে সজাগ আছি। আপনারা আজ দেখছেন, কালিয়া বাজারের ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করছেন।
“বিশেষ করে গত সংসদ নির্বাচনে হিন্দু ভাইয়েরা আমাদেরকে ৯০ শতাংশ ভোট দিয়েছেন; আমরা তাদের সঙ্গে আছি, তারাও আমাদের সাথে আছেন। একটু আগে হিন্দু নেতৃবৃন্দ আমাদের এখানে এসেছিলেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি।”
হামলার কারণ কী? যা বলছে বিএনপি
বেন্দারচরে কী কারণে হামলা হয়েছে এবং কারা করেছে- এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, “বেন্দারচরে কী ঘটনা ঘটেছে, সে বিষয়ে আমাদের কিছু জানা নেই। এখান থেকে বা আমাদের যে দুজন মারা গেছেন তাদের বাড়ি থেকে বেন্দারচর প্রায় তিন কিলোমিটার দূরে। ওই এলাকায় কোনো ঘটনা ঘটলে সেটি আমাদের জানা নেই।”
তারপর ওয়াহিদুজ্জামান মিলু বলেন, “এখানে উল্লেখ করা প্রয়োজন যে, ওই এলাকায় বিগত স্বৈরাচারী সরকারের সংসদ সদস্যের (কবিরুল হক মুক্তি) বাড়ি রয়েছে। পূর্বে তার বাবাও (সাবেক সংসদ সদস্য এখলাস উদ্দিন আহমদ) খুন হয়েছিলেন এবং তারাও প্রতিপক্ষের একজনকে খুন করেছিলেন। সেই ঘটনায় দুই পক্ষেরই ১১ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। তাদের মধ্যে ব্যক্তিগত শত্রুতা বা আক্রোশ থাকতে পারে। সে কারণে কোনো ঘটনা ঘটে থাকতে পারে, তবে সেটি আমাদের জানা নেই।”
বিএনপি নেতা বলেন, “অন্যান্য যে সব অপপ্রচার হচ্ছে- আমাদের নেতাকর্মীরা বাড়িঘর জ্বালিয়েছে বা লুটপাট করেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের নেতৃবৃন্দের উপস্থিতিতে এখানে লুটপাট ও অগ্নিসংযোগ হয়েছে- এটাও একদম কাল্পনিক। বিএনপিকে হেয়-প্রতিপন্ন করার জন্য এসব অপপ্রচার নিষিদ্ধ ঘোষিত দলের লোকজন করছে।”
