এনামুল হাসান, কেশবপুর( যশোর) :
যশোরের কেশবপুর উপজেলার মধ্যকুল এলাকায় দীর্ঘদিন ধরে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১২ আগস্ট) মধ্যকুল এলাকার তেল পাম্পের পাশে আটকে থাকা পানি নিষ্কাশনের জন্য সরেজমিনে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা ও নালা সচলের উদ্যোগ নেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যকুল তেল পাম্প সংলগ্ন এলাকায় পানি নিষ্কাশনের পথ অবরুদ্ধ হয়ে পড়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হতো। এতে ওই এলাকার স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিষয়টি নজরে আসার পরই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করে অবরুদ্ধ ড্রেন ও নালা সংস্কার করে পানি প্রবাহ স্বাভাবিক করার নির্দেশনা প্রদান করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম বলেন, “জনভোগান্তি লাঘবে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে এই ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ও উদ্যোগ অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন কেশবপুরের সর্বস্তরের জনগণ ও স্থানীয় ব্যবসায়ীরা।
