, , ,

নড়াইলে প্রতিপক্ষের হামলায় আহত ৭, এলাকায় উত্তেজনা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল :

নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের বিরোধ কোনো ভাবেই থামছে না। একের পর এক হামলা, ভাঙ্চুর, লুটপাট ও মারধরের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে এলাকাটি। গত জুনে কয়েকটি বাড়িতে হামলা, ভাঙ্চুর, লুটপাট ও মারধরের অভিযোগে কালিয়া থানায় দু’পক্ষের মোট ৮ টি মামলা হয়েছে। এরই মধ্যে বুধবার (১২ আগষ্ট) সকালে প্রতিপক্ষের অতর্কিত হামলায় ৭ জন আহত হয়েছেন ।

পুলিশ ও স্থানীয় সূত্রেজানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্যা গ্রুপ ও ফারাজি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জেরে গত ১৩ জুন দেশিয় অস্ত্র নিয়ে কয়েকটি বাড়িতে উভয় পক্ষ হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলায় বাড়ি ঘর ভাংচুর করা হয়। পাশাপাশি ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ করেন ভূক্তভুগী পরিবার। এসব ঘটনায় কালিয়া থানায় উভয় পক্ষে পৃথক ৮টি মামলা হয়।

এরই মধ্যে বুধবার (১২ আগষ্ট) সকাল ৭ টার দিকে সাতবাড়িয়া পুরোনো বাজার এলাকায় নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে,বাজার শেষে বাড়ি ফেরার পথে আনোয়ার ফারাজির ওপর প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। হামলার খবর পেয়ে আনোয়ারের স্বজনরা তাকে উদ্ধার করতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। হামলায় আনোয়ার ফারাজিসহ অনন্ত ৭ জন আহত হন। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । বাকিরা নড়াইল জেলা হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জেলা হাসপাতালে চিকিৎসাধীন থাকা হায়দার মুন্সি বলেন, সকাল বেলা হঠাৎ শুনতে পাই আনোয়ার ফারাজির ওপর হামলা চালিয়ে তাকে মারপিট করা হচ্ছে এমন খবর পেয়ে আমরা উদ্ধার করতে যাই। এসময় আগে থেকে উৎপেতে থাকা সাতবাড়িয়া গ্রামের আশিকুর মোল্যা ও ইমরান ফারাজির নেতৃত্বে প্রতিপক্ষের ১০/১২জন লোক আমাদের ওপর হামলা চালায়। তাদের হামলায় আনোয়ার ফারাজি, আব্দুল্লাহ ফারাজি, মনিরুল ফারাজি, আক্তার মোল্যা সহ কয়েক আহত হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলেছে বলে ও জানান তিনি।

এ ঘটনায় অভিযুক্ত মোল্যা গ্রুপের রবিউল বলেন, প্রথমে মোল্যা গ্রুপ রকিবুল ফারজির বাড়িতে গিয়ে হামলা চালায় আনোয়ার ফারাজি গ্রুপের লোকজন। তাদের করা হামলায় রকিবুল এবং তার স্ত্রী আহত হয়। রকিবুল ও তার স্ত্রীকে মারার পর আশিকুর মোল্যা ও ছোটন মোল্যার বাড়িতে হামলা চালায় ফারাজি গ্রুপ । তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের হামলার ঘটনা ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ৮ টি মামলা হয়েছে কালিয়া থানায়। ওই গ্রামে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলে আসছে । কিছু দিন ভাল ছিল। বুধবার হঠাৎ মারামারি হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক ।

 

আরো পড়ুন

সর্বশেষ