, , ,

খুলনায় পুলিশের নিরাপত্তায় খোলার ১৩ দিনের মাথায় চয়নিকা ফার্মেসি মালিকের ছেলেকে গুলি

আরো খবর

খুলনা প্রতিনিধি:
খুলনায় পুলিশের নিরাপত্তায় খোলার ১৩ দিনের মাথায় নগরীর টুটপাড়ায় চয়নিকা ফার্মেসি মালিকের ছেলেকে গুলি করেছেন দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ব্যক্তির নাম জারিফুজ্জামান জারিফ (৩২)। তিনি ফার্মেসির মালিক দৌলতুজ্জামানের ছেলে।

শুক্রবার সন্ধ্যায় নগরের টুটপাড়া সেন্ট্রাল রোড মোড়ে অবস্থিত ফার্মেসির ভেতরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জারিফকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর আবারও ফার্মেসিটি বন্ধ করে দেওয়া হয়।

ফার্মেসি মালিকের সাথে আলাপকালে জানা যায়, চাঁদা না পেয়ে হুমকি দেওয়ার পর বন্ধ করে দেওয়া হয়েছিল চয়নিকা ফার্মেসি। ১৯ দিন বন্ধ থাকার পর পুলিশের নিরাপত্তায় গত ১৪ নভেম্বর সন্ধ্যায় ফার্মেসিটি আবার খোলা হয়। খোলার ১৩ দিনের মাথায় শুক্রবার সন্ধ্যায় সেখানে ঢুকে ফার্মেসির মালিকের ছেলেকে গুলি করেছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শী ও ফার্মেসির কর্মচারীরা জানান, সন্ধ্যায় ফার্মেসির ভেতরে বসে ছিলেন জারিফ। এ সময় এক ব্যক্তি হেঁটে এসে ফার্মেসির কাউন্টারের সামনে দাঁড়ান। এরপর জারিফের পা লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যান। গুলিটি তার বাঁ পায়ের হাঁটুর ওপরের অংশে লাগে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা ঘটনার তদন্ত শুরু করেছেন। কারা এবং কী কারণে গুলি চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর চাঁদা দাবি করে হুমকি দেওয়ার পর চয়নিকা ফার্মেসিটি বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে ১৯ দিন বন্ধ থাকার পর পুলিশের নিরাপত্তায় এটি আবার চালু করা হয়।

এদিকে, খুলনায় সাম্প্রতিক সময়ে সহিংসতার ঘটনা বেড়েছে। গত ১১ মাসে নগর ও জেলায় ৮১ জন খুন হয়েছেন। গুলি ও ধারালো অস্ত্র দিয়ে জখমের ঘটনা ঘটেছে শতাধিক। এর মধ্যে শুধু নভেম্বর মাসেই নগর ও জেলার বিভিন্ন স্থানে অন্তত ১৮টি গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন ছয়জন। চাঁদার দাবিতে ছয়টি প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

আরো পড়ুন

সর্বশেষ