কেশবপুর প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নাম ভাঙিয়ে একটি অসাধু চক্র সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। চক্রটি ইউএনও অফিসের মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন সেবা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এই প্রতারণা চালাচ্ছে।
বৃহস্পতিবার (১১ জুন) কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে জারিকৃত এক জরুরি ‘সতর্কীকরণ বিজ্ঞপ্তি’র মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন মাধ্যম থেকে সংবাদ পাওয়া যাচ্ছে যে, একটি অসাধু চক্র উপজেলা নির্বাহী অফিসার ও অফিসের কর্মকর্তা বা কর্মচারীদের নাম ব্যবহার করে এবং মোবাইল নম্বর ক্লোন করে সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি সেবা পাইয়ে দেওয়ার নামে অর্থ গ্রহণ করছে।
প্রতারণা রোধে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সেবার বিনিময়ে কোনো ধরনের অর্থ গ্রহণ করা হয় না।
কেশবপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন উপজেলার সম্মানিত জনসাধারণকে এই ধরনের কোনো অসাধু চক্রের ফাঁদে না পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। একই সাথে আর্থিক লেনদেন থেকে বিরত থেকে যেকোনো প্রয়োজনে সরাসরি উপজেলা নির্বাহী অফিসার বা সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
