প্রতিনিধি : ছাত্রলীগের ৭৪ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অর্ধশতাধিক অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যার পর জেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গনে এ শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়। এর আগে, শহরের অর্ধশতাধিক শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক ফাহমিদ হুদা বিজয়সহ শহর ও সরকারি এম এম কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত সংগঠন হিসেবে ছাত্রলীগের পবিত্র দায়িত্ব গরীব দুঃখী মানুষের পাশে এসে দাঁড়ানো। তাই কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে প্রকৃত অসহায় দুস্থদের হাতে কম্বল ও শিক্ষা সামগ্রী পৌঁছে দিতে যশোরেও উদ্যোগ নেয়া হয়েছে। আমরা সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো।
