সাব্বির হোসেন/ সাকিল:
ঝিকরগাছায় সিরাজুল ইসলাম নামে এক ভন্ড মাওলানার পরোকীয়ায় বাধা দেয়ায় চরম নির্যাতনের শিকার হয়েছেন তার স্ত্রী ও কণ্যারা। মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে তিনি তাদের শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছেন। এব্যাপারে দায়ের করা মামলা তুলে নিতে তিনি তার স্ত্রীকে প্রতিনিয়ত দিচ্ছেন জীবন নাশের হুমকি ধামকি । এরই মধ্যে এক ইটালি প্রবাসীর স্ত্রীকে নিয়ে তিনি এলাকা ছেড়ে বল্লা গ্রামে বসবাস করছেন বলে জানা গেছে। মাঝে মাঝে
ঝিকরগাছায় গিয়ে বাড়ি বিক্রি করে টাকা দেওয়া এবং বাবার বাড়ির জমি বিক্রি করে ৩ লাখ টাকা যৌতুক দেওয়ার দাবিতে স্ত্রী ও তার কণ্যাদের শারীরিক নির্যাতন করেন। এ ঘটনায় তার স্ত্রী মমতাজ বেগম (৪৮) বাদী হয়ে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ২৭ বছর আগে ঝিকরগাছার পুরন্দরপুর গ্রামের মমতাজ বেগমের সঙ্গে আব্দুর রাজ্জাকের ছেলে সিরাজুল ইসলামের (৫০) বিয়ে হয়। তাদের সংসারে চার মেয়ে রয়েছে। বর্তমানে মমতাজ বেগম চার মেয়েকে নিয়ে পুরন্দরপুরে নিজ বাড়িতে বসবাস করেন। অপরদিকে, সিরাজুল ইসলামের দ্বিতীয় স্ত্রী ঝিকরগাছার বল্লা গ্রামে বসবাস করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদীর অভিযোগ, সিরাজুল ইসলাম মাঝেমধ্যে পুরন্দরপুরের বাড়িতে এসে বাড়িটি বিক্রি করে টাকা দেওয়ার জন্য তাকে চাপ দিতেন। এতে রাজি না হলে বিভিন্ন সময় তাকে মারধর ও শারীরিকভাবে নির্যাতন করা হতো। একই সঙ্গে বাবার বাড়ির জমি বিক্রি করে টাকা এনে দেওয়ার জন্যও চাপ দেওয়া হতো বলে অভিযোগ করেছেন তিনি।
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, গত ৩০ আগস্ট ২০২৫ সকাল ৭টার দিকে সিরাজুল ইসলাম, তার দুই ভাই ইয়াসিন ইসলাম (৪৫) ও ইকরামুল ইসলাম এবং দ্বিতীয় স্ত্রী নাসিমা বেগম (৪০) পুরন্দরপুরের বাড়িতে গিয়ে জোরপূর্বক ঘরে প্রবেশ করেন। এ সময় তারা বাড়ি বিক্রি না করলে বাবার বাড়ির জমি বিক্রি করে ৩ লাখ টাকা যৌতুক দিতে হবে বলে চাপ দেন বলে অভিযোগ করা হয়েছে।
একপর্যায়ে সিরাজুল ইসলাম মমতাজ বেগমের গলা চেপে ধরেন। এতে তার জিহ্বা বের হয়ে যায় এবং তিনি অসুস্থ হয়ে পড়েন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। ইয়াসিন ইসলাম তার বাম বাহুতে আঘাত করে নীলাফোলা জখম করেন বলে অভিযোগ রয়েছে। ইকরামুল ইসলাম তার ডান বাহুতে চাপ দিয়ে ফোলা জখম করেন। অপর আসামি নাসিমা বেগম চুল ধরে টেনে মেঝেতে ফেলে দেন এবং মাথা থেকে এক মুঠো চুল তুলে ফেলেন বলেও অভিযোগ করেছেন বাদী।
মমতাজ বেগমের চিৎকারে তার চার মেয়ে খাদিজা ইসলাম, হাফিজা ইসলাম, তারমিম আক্তার লিজা ও মাহফুজাসহ স্থানীয় পলাশ ও আব্দুল্লাহ ঘটনাস্থলে ছুটে এলে আসামিরা দ্রুত সেখান থেকে চলে যান বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে অসুস্থ মমতাজ বেগমকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর তিনি বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে মীমাংসা না হওয়ায় পরে ঝিকরগাছা থানায় গেলে মামলা গ্রহণ করা হয়নি বলে বাদীপক্ষের অভিযোগ। এরপর আদালতে মামলা করতে বাধ্য হন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।
মামলায় সিরাজুল ইসলামের দুই ভাই ইয়াসিন ইসলাম ও ইকরামুল ইসলাম এবং তার দ্বিতীয় স্ত্রী নাসিমা বেগমকে আসামি করা হয়েছে।

এদিকে বাদীপক্ষের আরও অভিযোগ, সিরাজুল ইসলাম নিজেকে নওমুসলিম হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদা সংগ্রহ করে থাকেন। বাদীর দাবি, ধর্মীয় পরিচয়ের আড়ালে তিনি স্ত্রী ও সন্তানদের ওপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছেন। বিভিন্ন সময় স্ত্রীকে বাড়ি বিক্রি করে টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগের পাশাপাশি বাবার বাড়ির জমি বিক্রি করে টাকা এনে দেওয়ার জন্যও চাপ দেওয়া হতো বলে অভিযোগ করা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সিরাজুল ইসলাম ও অন্য আসামিদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ঝিকরগাছা থানার এসআই সবুজ বলেন, “মামলার প্রতিবেদন এসপি অফিসে পাঠানো হয়েছে। প্রতিবেদন থানায় আসার পর আদালতে পাঠানো হবে।”
