, , ,

ঝিকরগাছার গঙ্গানন্দপুর নামের মধ্যে লুকিয়ে আছে যে ইতিহাস

আরো খবর

সাজেদ রহমান:যশোরের ঝিকরগাছার গঙ্গানন্দপুর নামটির মধ্যেই যেন ইতিহাসের একটি স্নিগ্ধ প্রতিধ্বনি লুকিয়ে আছে। আজ যে গ্রামটিকে আমরা এই নামে চিনি, তার প্রাচীন পরিচয় ছিল ঝুমঝুমপুর।

রাজা কমল নারায়ণের তৃতীয় পুত্র কংসনারায়ণই এই নাম পরিবর্তনের জনক। নতুন আবাস গড়ে তোলার পর তিনি নিজের পছন্দ ও ঐতিহ্যবোধ থেকে গ্রামের নাম রাখেন “গঙ্গানন্দপুর”, সম্ভবত গঙ্গার পবিত্রতার অনুরণন ও আধ্যাত্মিক আনন্দের প্রতীক হিসেবে নামটি রাখা হয়। এই গাঁয়ের পূর্ব পাশ দিয়ে বয়ে চলেছে কপোতাক্ষ নদ।

 

কংসনারায়ণের জীবন কাহিনি একদিকে যেমন পারিবারিক বঞ্চনার, তেমনি অন্যদিকে তা আত্মপ্রতিষ্ঠার এক অনন্য উদাহরণ। শিশুকালেই মাতৃহীন হয়ে তিনি বিমাতার স্নেহে বড় হন। কিন্তু বৈমাত্রেয় ভ্রাতাদের শত্রুতার মুখে পড়ে তাঁকে পিতৃগৃহ ত্যাগ করতে হয়। এই দুঃসময়ে তিনি আশ্রয় নেন ঢাকায় নবাব সরকারের দরবারে। ভাগ্যক্রমে সেখানেই তাঁর জীবনের মোড় ঘুরে যায়।

 

ঢাকায় তিনি কেশবপুরের ভেরচি নিবাসী উচ্চপদস্থ কর্মচারী রঘুনন্দন মিত্রের সুনজরে আসেন। রঘুনন্দন শুধু তাঁকে আশ্রয়ই দেননি, নিজের কন্যার সঙ্গে তাঁর বিবাহও দেন। পরে নবাব সরকারের প্রভাব কাজে লাগিয়ে তিনি কংসনারায়ণের সঙ্গে তাঁর বৈমাত্রেয় ভ্রাতাদের বিরোধ মীমাংসা করে দেন। এই মধ্যস্থতার ফলেই কংসনারায়ণ হলদহ পরগণার অধিকার লাভ করেন।

নিজের নতুন ভূখণ্ডে তিনি বোধখানার নিকটবর্তী ঝুমঝুমপুর গ্রামকে আবাস হিসেবে বেছে নেন এবং সেখানেই গড়ে তোলেন তাঁর নতুন জীবন। এই গ্রামই পরবর্তীকালে তাঁর দেওয়া নাম “গঙ্গানন্দপুর” হিসেবে পরিচিতি পায়। কংসনারায়ণের উদ্যোগে এখানে গড়ে ওঠে একটি সমৃদ্ধ জনপদ, যার কেন্দ্রবিন্দু ছিল ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
বোধখানায় থাকা তাঁদের পৈতৃক কুলবিগ্রহ শ্যামরায় ঠাকুরকে তিনি গঙ্গানন্দপুরে নিয়ে এসে একটি সুন্দর জোড়-বাংলা মন্দিরে প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এখানে সিদ্ধেশ্বরী দেবীর মন্দির ও একটি শিবমন্দিরও নির্মিত হয়। আজ সেইসব স্থাপনার ভগ্নাবশেষই কেবল ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

 

শ্যামরায় বিগ্রহকে ঘিরে একটি জনশ্রুতি আজও প্রচলিত ধারণা করা হয়, প্রতাপাদিত্য-এর পতনের পর যশোহর রাজধানী থেকে এই বিগ্রহটি রাজা কমলনারায়ণ আনয়ন করেছিলেন। যদিও এই কাহিনির সত্যতা নিশ্চিত করার কোনো নির্ভরযোগ্য উপায় নেই, তবুও এটি স্থানীয় ইতিহাসের এক আকর্ষণীয় অংশ হয়ে আছে।

 

কংসনারায়ণের বংশধররাও পরবর্তীকালে এই অঞ্চলের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর দ্বিতীয় পুত্র রত্নেশ্বর গঙ্গানন্দপুর ছেড়ে যশোর শহরের উত্তরে নওয়াপাড়ায় বসবাস শুরু করেন। আর প্রপৌত্র আনন্দিরাম প্রথমে রায়গ্রাম এবং পরে নড়াইলের চণ্ডীবরপুরে বসতি স্থাপন করেন। এই চণ্ডীবরপুরেই জন্ম নেন অমৃতলাল রায়, যিনি দেশীয় লিখিবার কালির আবিষ্কর্তা হিসেবে খ্যাতি অর্জন করেন।

(ছবি কলকাতার কবি গৌতম চৌধুরী এবং কবি সমীর দে রায় এসেছিলেন ২০২৪ সালে যশোরে। কবি সমীর দে রায়-এর আত্বীয় গঙ্গানন্দপুরের মহিতোষ রায় চৌধুরীর বাড়িতে গিয়েছিলাম সে সময়, তখন তোলা ছবি।)

আরো পড়ুন

সর্বশেষ