নিজস্ব প্রতিবেদক:
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে ফাতেমা আক্তার বর্ণা (২৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে সরদার মিলসংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ফাতেমা আক্তার বর্ণা উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দুই দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
বর্ণার ছোট ভাই মেহেদী হাসান জানান, শুক্রবার দুপুরে তারা একসঙ্গে ভৈরব নদে গোসল করতে যান।
একপর্যায়ে বর্ণা নদীতে ঝাঁপ দিলে হঠাৎ পানির নিচে তলিয়ে যান। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে খুলনা থেকে আসা ডুবুরি দলও অভিযানে যোগ দেয়।
সন্ধ্যা পর্যন্ত কয়েক ঘণ্টা অভিযান চালিয়েও বর্ণার কোনো সন্ধান মেলেনি।
নওয়াপাড়া নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার জানান, অন্ধকার নেমে আসায় সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হবে।
