নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
খুলনার দিঘলিয়ায় ট্রাকের চাপায় নড়াইলের কালিয়া উপজেলার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে দিঘলিয়ার আমবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা কালিয়া উপজেলার উথলী গ্রামের শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), তার শ্যালিকা (ফারজানার বোন) রুবিয়া (২০) এবং ২ বছর বয়সী কন্যাসন্তান মাইমুনা। তবে মোটরসাইকেল চালক শেখ শিহাব অক্ষত রয়েছেন। ঘাতক ট্রাকাটি আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে মোটরসাইকেলে পরিবারের সদস্যদের নিয়ে কালিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন শেখ শিহাব। দিঘলিয়ার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী ও শিশুসন্তানসহ দুই নারীর মৃত্যু হয়।
দিঘলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের চালক ছাড়া দু’জন নারী ও একটি শিশু ছিল। আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, তবে ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
