নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজাসহ রুচিয়া বেগম (৫৪) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর সদস্যরা।
তার সহযোগী রিপুল সরদার অভিযানের বিষয় টের পেয়ে পালিয়ে যায়। সোমবার (৫ মে) দূপুরে নড়াগাতি থানার পাখিমারা এলাকার মধ্যপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক রুচিয়া বেগম পাখিমারা মধ্যপাড়া গ্রামের মৃত তরিকুল ইসলামের স্ত্রী।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দূপুরে অধিদপ্তরের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় রুচিয়া বেগমের বসতঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচে রাখা দুটি বস্তা থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ ২০ হাজার টাকা। অভিযান শেষে ঘটনাস্থল থেকেই রুচিয়া বেগমকে আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা উল্লেখ করে নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নড়াগাতি থানায় আরও চারটি মাদক মামলা রয়েছে। পলাতক আসামি বিপুল সরদারকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।
