সাতক্ষীরা
প্রতিনিধি:

সাতক্ষীরার উপকূলীয় উপজেলা আশাশুনির প্রতাপনগর কুড়িকাউনিয়া লঞ্চঘাট এলাকায় কপোতাক্ষ নদে বড়শিতে পাওয়া গেছে আট কেজি ওজনের ভেটকি মাছ (কোরাল)। রোববার বিকালে মাছটি জেলে নুর ইসলাম মোড়লের বড়শিতে আটকে পড়ে।
কুড়িকাউনিয়া গ্রামের মৎস্যজীবী নুর ইসলাম মোড়ল জানান, ‘আমি নদীতে জাল, বড়শি ফেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। রবিবার বিকালে নদীতে বড়শি দিয়ে মাছ ধরছিলাম। হঠাৎ ভেটকি (কোরাল) মাছটি ধরা পড়েছে। মাছটি বাড়ির পুকুরে রেখেছি প্রতাপনগর বাজারে বেশি দামে বিক্রির আশা করছি।
স্থানীয়রা জানান, নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে মৎস্যজীবী নুর ইসলাম। প্রতিদিনের মতো রবিবার বিকালে কপোতাক্ষ নদে বড়শি দিয়ে মাছ ধরার সময় ওই বড় ভেটকি মাছটি তার বড়শিতে ধরা পড়ে। মাছটি ওজন দিয়ে দেখা যায় আট কেজি। মাছটি কিনতে স্থানীয়রা ৮০০ টাকা দিতে আগ্রহ দেখিয়েছেন।
তবে, জেলে নুর ইসলাম মাছটি হাটে আরও বেশি দামে বিক্রি করতে চান। জীবিত মাছটি তার বাড়িতে পুকুরে রেখেছেন।
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী জানান, নুর ইসলাম মোড়ল নামের একজন মৎস্যজীবী বড় একটি ভেটকি (কোরাল) মাছ পেয়েছেন বলে জেনেছি। আমি এখনো দেখিনি।
