নিজস্ব প্রতিবেদক:যশোর শহরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার পপি কটেজের ৫ তলা ভবনের ৩য় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ১০টি মোবাইল ফোন ও অনলাইন জুয়ার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন পিরোজপুর সদর উপজেলার মরিচা গ্রামের মনির শেখের ছেলে মেহেদী হাসান ও হাসিব, একই উপজেলার বানেশ্বরপুর গ্রামের ফারুক শিকদারের ছেলে হাফিজ শিকদার, পিরোজপুরের আলামকাটি গ্রামের গোলাম রসুল শেখের ছেলে হাফিজ শেখ, যশোরের অভয়নগর উপজেলার মাগুরা গ্রামের খলিলুর রহমানের ছেলে ফায়াদ আল সুমন এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পাতাবাড়িয়া গ্রামের সরোয়ারের ছেলে তামিম।
ডিবির জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে,তারা ফ্ল্যাটে বসে বিভিন্ন অবৈধ অনলাইন জুয়ার সাইট পরিচালনা করছিল। আটককৃতদের মোবাইল ফোন পরীক্ষা করে জুয়ার সাইটের সঙ্গে সম্পৃক্ততা ও আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়।
