বেনাপোল (যশোর) প্রতিনিধি:
যশোরের শার্শায় শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরানের ভ্রাম্যমান আদালত মোবাইল কোটের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা মৎস্য অফিসের সার্বিক সহযোগিতায় শার্শা উপজেলার সাড়াতলা ও পাকশিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয় বলে জানান শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা।
মৎস্য কর্মকর্তা পলাশ বালা বলেন,চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে দেশীয় প্রজাতির ছোট-বড় বিভিন্ন মাছ নির্বিচারে ধরা পড়ে এবং জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার রক্ষা এবং জলজ সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, আজকের অভিযানে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করা হয়।পরে মোবাইল কোটের নির্দেশনা মোতাবেক জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় উপজেলা প্রশাসন সাংবাদিক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। কেহ এ ধরনের জাল বা মাছধরার ফাদ ব্যবহার করলে প্রশাসনকে জানাতে সর্বসাধারনের সহযোগিতা চান উপজেলা মৎস্য কর্মকর্তা।।
