নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইল সদর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে হত্যা করার অভিযোগে অভিযুক্ত সেই রবিউল শিকদার ওরফে রবিকে (৩৫) আটক করেছে সদর থানার পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। জান্নাতুল রামচন্দ্রপুর গ্রামের মফিজুর রহমানের মেয়ে এবং আটক রবিউল শিকদার (৩০) একই গ্রামের প্রতিবেশী আতিয়ার রহমানের ছেলে।
এদিকে, ধর্ষণ করে হত্যাকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভে উত্তাল নড়াইল। সোমবার রাত ১০টার দিকে জেলা হাসপাতাল চত্বরে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে ঢাকা-নড়াইল যশোর মহাসড়কের নড়াইল সদর উপজেলার দত্তপাড়া এলাকায় স্থানীয় ছাত্র-জনতা ও এলাকাবাসি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে একই দাবিতে বিক্ষোভ করেন ছাত্র জনতা।
অপরদিকে, বেলা ১২টার দিকে খুলনা বিভাগের ডিআইজি মো. মুস্তাফিজুর রহমান নড়াইল পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন। প্রেস ব্রিফিংয়ে শিশু ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত রবিউলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডিআইজি বলেন, অভিযুক্ত রবিউলকে আদালতে সোপর্দ করা হয়েছে। আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে রবিউল শিকদারের বিরুদ্ধে প্রতিবেশী মফিজুর রহমানের ৫ বছরের মেয়ে জান্নাতুলকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। রবিউল তার ঘরের মধ্যে শিশু মেয়েটিকে কাথা দিয়ে ঘেকে রেখে পালিয়ে যায়। এক পর্যায়ে স্বজনেরা রবিউলের ঘর থেকে সঙ্গাহীন জান্নাতুলকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক আসিফ আকবর তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর থেকে পালিয়ে থাকা রবিউল শিকদারকে মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে দত্তপাড়া এলাকা থেকে স্থানীয় লোকজন আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিউল শিকদারকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে প্রেরণ করা হয়।#
