সাতক্ষীরা ব্যুরো/শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর বাজারে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি বড় আকারের অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে স্থানীয়দের সহযোগিতায় বনবিভাগ ও সিপিজি’র (কমিউনিটি পেট্রোল গ্রুপ) সদস্যরা সাপটি উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নীলডুমুর বাজারের ব্যবসায়ী হারুনের হার্ডওয়্যার দোকান খুলতে গেলে দোকানের ভেতরে একটি বিশাল অজগর সাপ দেখতে পান। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা দোকানের সামনে ভিড় জমায়। পরে বনবিভাগকে খবর দেওয়া হলে বনকর্মীরা সিপিজি সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় সতর্কতার সঙ্গে সাপটি উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, বাজারের মতো জনবহুল এলাকায় এত বড় অজগর সাপ আগে কখনো দেখা যায়নি। সাপটি দোকানের ভেতরে কীভাবে প্রবেশ করেছে তা নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, আশপাশের বনাঞ্চল বা ঝোপঝাড় থেকে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে।
নীলডুমুর স্থানীয় বন বিভাগের কর্মকর্তা ইরফান উদ্দিন জানান, উদ্ধার করা অজগরটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে এটিকে নিরাপদে সুন্দরবনের উপযোগী আবাসস্থলে অবমুক্ত করা হয়েছে। একই সঙ্গে তারা জনসাধারণকে বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বা ক্ষতি না করে দ্রুত বনবিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান।
এদিকে, দোকানের ভিতর থেকে বড় আকারের অজগর সাপ উদ্ধার হওয়ায় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে কিছু সময় আতঙ্ক বিরাজ করলেও বনবিভাগের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়রা বন্যপ্রাণীটি নিরাপদে উদ্ধারে বনবিভাগ, সিপিজি সদস্য এবং উদ্ধার কাজে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানান।
