সাদনান রহমান সিয়াম,সাতক্ষীরা:
সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া শহরের পরিচিত রুচিরা বেকারির স্বত্বাধিকারী আব্দুল গফুর খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন জাকারিয়া। ওই সময় দোকানদারের সঙ্গে এক ক্রেতার বাগবিতণ্ডা চলছিল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকারিয়া এগিয়ে গিয়ে তা মীমাংসার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তি ধারালো ছুরি দিয়ে জাকারিয়ার বুকে ও পেটে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে এবং জড়িতকে শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।
