সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের দিকনির্দেশনায় এবং সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মুহা. মাসুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই পদধারী নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ১ জুন নিয়মিত মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর কবির, ৪৭। তিনি সদর উপজেলার সুলতানপুর এলাকার মৃত হারুনার রশিদের ছেলে। অপরজন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এসএম তুহিনুর রহমান, ৩৬। তিনি সদর উপজেলার ইটাগাছা এলাকার আতিয়ার রহমানের ছেলে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মুহা. মাসুদুর রহমান, পিপিএম সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ প্রহরায় তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নে সাতক্ষীরা সদর থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
