সাদনান রহমান সিয়াম; সাতক্ষীরা :
সাতক্ষীরা-আশাশুনি সড়কে ইজিবাইক চলাচলে বাধা দিলে ওই সড়কে বাস চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আশাশুনি উপজেলা সম্মিলিত ইজিবাইক মালিক সমিতির নেতারা।
বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় আশাশুনি-বুধহাটা-চাপড়া ইজিবাইক মালিক সমিতির উদ্যোগে চাপড়া বাসস্ট্যান্ড সংলগ্ন প্রধান সড়কে আয়োজিত মানবন্ধন থেকে তারা এ ঘোষণা দেন।
চাপড়া ইজিবাইক মালিক সমিতির সভাপতি ইলিয়াস সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। এছাড়া উপস্থিত ছিলেন বুধহাটা ইজিবাইক মালিক সমিতির সভাপতি মতিকুল ইসলাম ও আশাশুনি ইজিবাইক মালিক সমিতির সভাপতি রবিউল ইসলাম। মানবন্ধনে দুই শতাধিক ইজিবাইক মালিক ও চালক অংশ নেন।
মানববন্ধনে বুধহাটা ইজিবাইক মালিক সমিতির সভাপতি মতিকুল ইসলাম বলেন, “সাতক্ষীরা পৌরসভায় যানজট নিরসনের স্বার্থে পৌর এলাকায় উপজেলার ইজিবাইক চলাচল বন্ধের সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি। কিন্তু উপজেলার সঙ্গে জেলা সদরের সড়কে আমাদের চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে। আমরা বহুবার অনুরোধ করেছি হয়রানি না করার জন্য। কিন্তু বাস মালিক সমিতির লোকজন আমাদের কথা রাখছেন না।”
তিনি আরও বলেন, “তাই আজ থেকে স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি, যদি পৌরসভার বাইরে ইজিবাইক চলাচলে বাধা দেওয়া হয় তাহলে সড়কে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে।”
আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ বলেন, “ইজিবাইক চালকদের পরিবার আছে। তাদের রুটি-রুজি আসে ইজিবাইক চালিয়ে। সুতরাং তাদের চলাচলে বাধা না দিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে দিয়ে সড়কে ইজিবাইক বন্ধ করে তাদের পেটে লাথি মারার অধিকার কারও নেই।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইজিবাইক চালকদের পরিবারের কথা চিন্তা করে তাদের সুযোগ না দিলে তাদের পক্ষে আমরা কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।
