সাদনান রহমান সিয়াম,সাতক্ষীরা :
সাতক্ষীরা শহরে তীব্র যানজট এখন নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে। যেখানে ১ মিনিটের পথ পাড়ি দিতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগছে। রোদের মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হওয়ায় চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। শহরের নিউমার্কেট, পাকাপোল মোড় সদর হাসপাতালসহ সাতক্ষীরার অধিকাংশ রাস্তায় এখন যানজট লেগেই থাকে।
স্থানীয়দের অভিযোগ, অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত ইজিবাইক, ভ্যান, নসিমন ও করিমনের অবাধ চলাচল এবং সড়কের পাশে যত্রতত্র অবৈধ পার্কিং যানজটের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে। অনেক সময় জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও দীর্ঘ সময় যানজটে আটকে থাকছে।
বিশেষ করে শহরের ভেতরে থাকা তিনটি ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য মোটরসাইকেলের দীর্ঘ সারি প্রায়ই সড়কের একপাশ দখল করে রাখছে। ফলে সড়ক সরু হয়ে গিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং যানজট আরও তীব্র আকার ধারণ করছে।
এদিকে যানজটে আটকে থাকা যাত্রী রবিউল ইসলাম বলেন, প্রায় এক ঘণ্টা ধরে একই জায়গায় বসে আছি। রোদের তাপে অপেক্ষা করা খুবই কষ্টকর হয়ে গেছে।
স্থানীয়দের মতে, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ, ফিলিং স্টেশনগুলোর সামনে শৃঙ্খলা নিশ্চিত না হলে সাতক্ষীরা শহরের যানজট সমস্যা আরও ভয়াবহ হয়ে উঠবে।
