, , ,

সাতক্ষীরা সীমান্তে ৯ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গত ৭ ও ৮ নভেম্বর তাদের দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় গুঁড়া দুধ, ঔষধ, মোবাইলের খুচরা যন্ত্রাংশ, চার্জিং পিন ও আরসি কাফ সিরাপ জব্দ করা হয়।

বিজিবি জানায়, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১ হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চেয়ারম্যানের মোড় নামক স্থান থেকে ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় গুঁড়া দুধ জব্দ করে।

কাকডাঙ্গা বিওপির দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৩ ও ৬ আরবি হতে আনুমানিক ১৫০ ও ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি ও ভাদিয়ালী নামক স্থান থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

মাদরা বিওপির দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১৩ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চান্দা নামক স্থান থেকে ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল চার্জিং পিন জব্দ করে।

সুলতানপুর বিওপির দল সীমান্ত পিলার ১৬/৭ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চান্দা নামক স্থান থেকে ৮৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইলের খুচরা যন্ত্রাংশ জব্দ করে।

এছাড়া ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১ হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হাড়দ্দহা নামক স্থান থেকে ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় আরসি কাফ সিরাপ জব্দ করে।

সব মিলিয়ে অভিযানে মোট ৮ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করায় মালামালগুলো জব্দ করা হয়েছে। এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

অভিযানকালে উপস্থিত স্থানীয় জনগণ বিজিবির এই অভিযানকে সাধুবাদ জানিয়ে এ ধরনের অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানান।

এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন

সর্বশেষ