নিজস্ব প্রতিবেদক, নড়াইল :
নড়াইলে মসজিদের কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া বনিকপাড়ায় স্থানীয় মেজবাহ ও আলম গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে আলম গ্রুপের মোজাম বিশ্বাসের ছেলে ইস্রাফিল বিশ্বাস, আবু সরমার ছেলে বাদশা, দলিল উদ্দিন বিশ্বাসের ছেলে মোচা বিশ্বাস ও তার ভাই লিপন বিশ্বাস, ওই এলাকার জিন্নাহ বিশ্বাস, মো. রাব্বি বিশ্বাসসহ মোট ৮ জন।
অপরদিকে, মেজবা গ্রুপের আহত ৪ জন হলেন আরব আলী বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাস ও তার ভাই লিটন বিশ্বাস, হোসেন বিশ্বাসের ছেলে মশিয়ার বিশ্বাস এবং হাশেম মোল্লার ছেলে নাসিরুল মোল্লা।
পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া বনিকপাড়া জামে মসজিদের কমিটি নিয়ে আলম ও মেজবা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে মসজিদ কমিটি গঠন নিয়ে একটি আলোচনা সভা চলাকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
