নিজস্ব প্রতিবেদক:যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৫ ই মার্চ রবিবার সকাল প্রায় ১০টার দিকে এ আয়োজন করে সামাজিক সংগঠন ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রায় ১৩০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদের উপহার হিসেবে পাঞ্জাবি ও গাউন জামা প্রদান করা হয়। শিশুদের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে এই উদ্যোগ নেওয়া হয় বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের সভাপতি সাব্বির আহমেদ রিয়াদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সোহেল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সাবেক সভাপতি রেজওয়ান আহমেদ রিফাতসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে সাব্বির আহমেদ রিয়াদ বলেন,পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর অন্যতম বড় উৎসব। এই উৎসবের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ভাগাভাগি করে নিতেই ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন এ উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি আরও জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
