নুসরাত জামান: সরকার তেলের বরাদ্দ বাড়ালেও ভীড় কমছে না পাম্পে। শনিবার যশোর শহরের বিভিন্ন পাম্পে দেখা গেছে গ্রাহকদের লম্বা লাইন।
অভিযোগ রয়েছে বাইকে তেলের মজুদ থাকালেও আরো মজুদ করতে পাম্পে ছুটছেন তারা। আবার অনেকে বাইকের ট্যাংকিতে তেল ভরে নিয়ে গ্রামে নিয়ে চড়া দামে বিক্রি করছেন।
মিঠু নামে একজন প্রত্যক্ষ দর্শী জানান,আজ(শনিবার) বেলা ১২ টার দিকে যশোর মাগুরা সড়কের পাশে দুই যুবককে মোটরসাইকেলের ট্যাংকি থেকে তেল সরিয়ে খালি করতে দেখা যায়। তারা প্রতিদিন বিভিন্ন পাম্প থেকে তেল নিয়ে বিক্রি করে। তারা এসেছিল মাগুরা থেকে।
মিঠু জানান, অপর এক বাইকচালক লাইনে প্রায় ৩ ঘন্টা অপেক্ষা করার পর পাম্পে তেল নেয়ার সিরিয়াল পান। মিটারে মাত্র ৩৫ টাকার তেল দেয়ার পর তার ট্যাংকি ভরে যায়। অর্থাৎ মাত্র ৩৫ টাকার তেলের জন্য তিনি অপেক্ষা করেন তিন ঘন্টা। এসময় বিরক্ত হয়ে খিস্তি খেউড় করেন পাম্প কর্মচারী। এক পর্যায় তিনি ৩৫ টাকার তেল নিয়ে পাম্প ত্যাগ করেন।
অন্য এক বাইক চালক তেল নেয়ার জন্য ২ শ’ টাকা জমা দেন। ৭৫ টাকার তেল যাওয়ার পর তার ট্যাংকি ভেসে যায়। মিটার বন্ধ না করায় অবশিষ্ট তেল পড়ে যায় বাইরে। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছেন প্রতিদিন তারা এমন বিচিত্র গ্রাহকের দেখা পাচ্ছেন। এই ধরণের বাইকচালকদের কারণে পাম্পে ভীড় এবং ভোগান্তি হচ্ছে বলে দাবি করেন তারা।
