সাতক্ষীরা ব্যুরো:
ষসুন্দরবনে ঘুরতে গিয়ে নিখোঁজ পর্যটক রিয়াজ আহমেদের (৩২) মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ ও কোস্টগার্ড।
সুন্দরবনের দুবলার চরসংলগ্ন মাতারখাল এলাকা থেকে উদ্ধার করা হয় তার মরদেহ।
শনিবার রাত সাড়ে ১০ টার দিকে মাতারখাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
এর আগে গত ৫ নভেম্বর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন থেকে ১৯ জন পর্যটক নিয়ে ‘ইকো ট্যুরিজম-২ নামের একটি ট্রলার সুন্দরবন ভ্রমণে যায়। গত ৬ নভেম্বর দুপুরে শরণখোলা রেঞ্জের দুবলার চরের কাছে পৌঁছানোর পর ট্রলারটি নতুন জেগে ওঠা চরে আটকে পড়ে। ট্রলারটি চরের বালু থেকে সচল করার উদ্দেশ্যে পর্যটকরা পানিতে নামেন। চালক ও যাত্রীরা পুনরায় ট্রলারে উঠলে উপস্থিতির গণনায় রিয়াজ আহমেদ অনুপস্থিত ছিলেন।
পর্যটক নিখোঁজের বিষয়টি টের পাওয়ার পরপরই সম্পূর্ণ ট্রলারে তল্লাশি চালানো হয়। সন্ধান না পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি বন বিভাগ ও কোস্টগার্ডকে জানানো হয়।
সংবাদ পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ড উদ্ধার অভিযান পরিচালনা করে।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো: শাহিনুর ইসলাম নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, পর্যটকের মরা দেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের করা হবে আজ দুপুরে।
ওই বনকর্মকর্তা আরো জানান, সুন্দরবনের দুবলার চরসংলগ্ন এলাকায় প্রবল স্রোত থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে । এদিকে
পর্যটক নিখোঁজ এবং তার মরদেহ উদ্ধার সংক্রান্ত বিষয়ে কোস্টগার্ড, নৌ পুলিশের ও বন বিভাগের সহায়তায় একটি তদন্ত কমিটি করা হয়েছে। আগামী দুই দিনের ভিতরে তদন্ত কমিটি রিপোর্ট দাখিল করবেন।
