নিজস্ব প্রতিবেদক:যশোরে কবিরাজ পরিচয়ে চিকিৎসার আশ্বাস দিয়ে এক নারীর স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি স্বর্ণের চেইন ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) ভোরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কোটচাঁদপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের ওলিয়ার হোসেনের ছেলে আশিক (২০) এবং সলেমানপুর গ্রামের প্রশান্ত কর্মকারের ছেলে তন্ময় কর্মকার (৩৩)।
ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই দেবব্রত ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা তিনটি স্বর্ণের চেইনের ওজন ১৫ দশমিক ২৮ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১০ হাজার টাকা।
পুলিশ জানায়, একটি সাধারণ ডায়েরির তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাত আড়াইটার দিকে কোটচাঁদপুরে নিজ বাড়ি থেকে আশিককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৬টা ১০ মিনিটে কোটচাঁদপুর বাজারের গার্লস স্কুল রোডের পলাশ জুয়েলার্স থেকে তন্ময় কর্মকারকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে আশিকের কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন এবং তন্ময়ের হেফাজত থেকে ৬ দশমিক ৫০, ২ দশমিক ৯৮ ও ৫ দশমিক ৮০ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় রোববার ভুক্তভোগী নারীর স্বামী শহরতলীর বাসিন্দা মো. ইউনুস আলী কোতোয়ালি থানায় মামলা করেন। এজাহারে তিনি অভিযোগ করেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মুঠোফোনে নিজেদের কবিরাজ পরিচয় দিয়ে তাঁর স্ত্রীর শারীরিক ব্যথা নিরাময়ের আশ্বাস দেন। একপর্যায়ে কৌশলে ও ভয়ভীতি দেখিয়ে তাঁর স্ত্রীর কাছ থেকে ১ ভরি ৭ আনা স্বর্ণালংকার এবং নগদ ১৯ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেন।
