লোহাগড়া(নড়াইল )প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা এলাকায় ইতালি প্রবাসী বোনের নামে থাকা ৬ শতক জমি জবরদখলের অপচেষ্টা, বসতঘর, সীমানাপ্রাচীর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে আরেক ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভাই মোঃ মুছা মোল্যা।
সোমবার সকালে স্থানীয় ক্লাবে সংবাদ সম্মেলনে মুছা মোল্যা ও তার ভাই ইব্রাহিম মোল্যা একই অভিযোগ করেন, আমার বোন খালেদা বেগম ইতালী প্রবাসী। অনুপস্থিতির সুযোগে তার মালিকানাধীন জমিটি দখলের চেষ্টা করছেন স্থানীয় লতা বেগম ও তাঁর স্বামী সাবেক জামায়াত কর্মী বেলাল আহমেদ।উল্লেখ্য যে মুছা,ইব্রাহিম ও প্রবাসী বোন খালেদা বেলালের আপন ভাই ও বোন।
মুছা মোল্যার দাবি, তাঁর মা আমেনা বেগম ২০১৮ সালের ১৪ মার্চ রেজিস্ট্রিকৃত হেবা ঘোষণাপত্রের মাধ্যমে মেয়ে খালেদা বেগমকে জমিটি হস্তান্তর করেন। ইতালী যাওয়ার আগে খালেদা বেগম জমির সীমানা নির্ধারণ করে সেখানে টিনের ছাউনি ও বেড়াযুক্ত একটি ঘর নির্মাণ করেন এবং জমিটি দেখাশোনার দায়িত্ব ভাই মুছা মোল্যাকে দিয়ে যান। এরপর থেকে মুসা মোল্যা জমিটি দেখাশোনা করে আসছেন।
তিনি আরও অভিযোগ করেন, গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক রাত ৮টার দিকে লতা বেগম ও তাঁর স্বামী বেলাল আহমেদ দা-লাঠিসহ ওই জমিতে প্রবেশ করে টিনের ঘর উচ্ছেদের চেষ্টা করেন এবং নব নির্মিত ইটের দেওয়াল ভেঙে দেন। এ সময় মুসা বাধা দিতে গেলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে পরিস্থিতি শান্ত হয় বলে তিনি দাবি করেন।
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা এবং জমির দখল রক্ষার স্বার্থে নড়াইলের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় আবেদন করেছেন বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি। ৯০ নম্বর লক্ষ্মীপাশা মৌজার খতিয়ান নম্বর ২৫-২৫৭৫, দাগ নম্বর ৫৫৫ এবং জমির পরিমাণ ৬ শতক। মুছা মোল্যার দাবি, জমিটি তাঁর বোন খালেদা বেগমের নামে নামজারি করা রয়েছে এবং নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে জমির প্রকৃত মালিকানা ও দখলসংক্রান্ত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং জমি জবরদখল ও স্থাপনা ভাঙচুরের আশঙ্কা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত লতা বেগম ও বেলাল আহমেদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
এঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম বলেন, ১৪৪ ধারা ভঙ্গের ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
