, , ,

সুন্দরবনে বনদস্যু নির্মূলে জেলেদের নৌবন্ধন, নিরাপত্তার দাবি

আরো খবর

সাতক্ষীরা/শ্যামনগর প্রতিনিধি :
সুন্দরবনে বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধ এবং জীবিকার তাগিদে বনে যাওয়া জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নৌবন্ধন কর্মসূচি পালন করেছেন উপকূলীয় অঞ্চলের বনজীবীরা।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় সুন্দরবনে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ পথে নৌকা নিয়ে অবস্থান করে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে উপকূলের বিভিন্ন এলাকার জেলে ও বাওয়ালিরা অংশ নেন। তাঁদের দাবি, সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে অপহরণ ও হামলার ঝুঁকি থেকে বনজীবীদের রক্ষা করে নিরাপদে মাছ ও কাঁকড়া আহরণের পরিবেশ নিশ্চিত করতে হবে।
বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক ও সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন জানান, বনজীবীদের নিরাপত্তা ও জীবিকার অধিকার প্রতিষ্ঠার দাবিতে তাঁরা এ নৌবন্ধন কর্মসূচি পালন করেছেন।

বনদস্যুদের তৎপরতা বন্ধের দাবিতে এর আগেও মানববন্ধন, গণমিছিল, অবস্থান কর্মসূচি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা। তবে এসব উদ্যোগের পরও পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন হয়নি বলে অভিযোগ তাঁদের। এতে সুন্দরবননির্ভর মানুষের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ বাড়ছে।
নৌবন্ধন থেকে চারটি দাবির কথা তুলে ধরেন জেলে-বাওয়ালিরা। দাবিগুলোর মধ্যে রয়েছে—সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা, অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার, দস্যুদের আস্তানা শনাক্ত করে তাদের নির্মূল এবং মাছ ও কাঁকড়া আহরণে যাওয়া প্রত্যেক বনজীবীর নিরাপত্তা নিশ্চিত করা।

কর্মসূচিতে অংশ নেওয়া বনজীবীরা বলেন, সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ বন্ধ হয়ে গেলে উপকূলীয় এলাকার হাজার হাজার পরিবারের আয়ের পথ সংকুচিত হবে। জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে বনে যেতে হয় তাঁদের। কিন্তু বনদস্যুদের ভয়ে নিরাপদে কাজ করতে না পারলে পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তায় পড়তে হবে।

জেলে বাবলু বলেন, সুন্দরবন তাঁদের জীবিকা নির্বাহের অন্যতম প্রধান অবলম্বন। তাই বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করে নির্বিঘ্নে বনে প্রবেশ ও আহরণের সুযোগ তৈরি করতে হবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

আরো পড়ুন

সর্বশেষ