সাদনান রহমান সিয়াম, সাতক্ষীরা:
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে সাতক্ষীরায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার দিবাগত রাত থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশা-ভ্যানচালক, নির্মাণশ্রমিক, কৃষিশ্রমিক ও নিম্ন আয়ের পরিবারগুলো।
কাজে বের হতে না পারায় অনেক পরিবারে দৈনিক আয় বন্ধ হয়ে গেছে। কারো কারো ঘরে খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে। বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাসে শীতের অনুভূতিও বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার থেকে বৃষ্টির প্রবণতা কমতে পারে। সাতক্ষীরা আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার দুপুর ১২টা পর্যন্ত জেলায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল, এরপর বৃষ্টি বেড়েছে।
একটানা বৃষ্টিতে শহরের নিচু এলাকায় পানি জমেছে, কাঁচা রাস্তা কাদায় ভরে গেছে। শিক্ষার্থী, বয়স্ক ও অসুস্থ মানুষের চলাচলে ভোগান্তি বেড়েছে।
ক্রেতা কম থাকায় ছোট ব্যবসা ও ফুটপাতের দোকানগুলোতে বেচাকেনা প্রায় বন্ধ। হাটবাজারে মাছ ও সবজির দোকানেও ক্রেতার উপস্থিতি কমেছে। যানবাহন চলাচলও কমে গেছে।
সবচেয়ে বড় দুশ্চিন্তা আমন ধান নিয়ে। ঠিক ঘরে তোলার সময় এই বৃষ্টি এসেছে।
আশাশুনি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৯ হাজার ২৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ৪৫ শতাংশ জমির ধান কাটা সম্পন্ন হয়েছে।
কেটে শুকানোর জন্য মাঠে রাখা ধান টানা বৃষ্টিতে ভিজে গেছে। কোথাও কোথাও ধানের শিষ পানিতে ডুবে রয়েছে। দীর্ঘসময় ভিজে থাকলে ধানে অঙ্কুর গজানো, পচন ধরা ও শিষ থেকে ধান ঝরে পড়ার আশঙ্কা করছেন চাষিরা। এতে ধানের গুণগত মান ও বাজারমূল্য কমে কৃষক আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার জানিয়েছেন, এক দিনেই ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায় না। রোববার পর্যন্ত বৃষ্টি থাকার নির্দেশনা পেয়েছেন তারা। রোদ উঠে আবহাওয়া ভালো হলে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই দিনের আগে নিরূপণ করা যাবে না।
