মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলার ৯ নম্বর ঝাঁপা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আহসান হাবীব রিপনকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে ইউনিয়নের চণ্ডীপুর ভানোরমোড় এলাকায় একটি চায়ের দোকানে বসে চা পান করার সময় এ ঘটনা ঘটে। চলন্ত মোটরসাইকেল থেকে পরপর তিনটি বোমা নিক্ষেপের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অভিযোগকারী আহসান হাবীব রিপন জানান, তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝাঁপা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এবং সাংগঠনিক সম্পাদক। ঘটনার সময় তিনি চণ্ডীপুর ভানোরমোড় এলাকার একটি দোকানে বসে চা পান করছিলেন। তাঁর সঙ্গে ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকরামুল হোসেনসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।
রিপনের অভিযোগ, এ সময় রাজগঞ্জের দিকে থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা তাঁদের লক্ষ্য করে পরপর তিনটি বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আকস্মিক এ ঘটনায় উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়েন এবং নিজেদের রক্ষায় দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। পরে তাঁরা মোটরসাইকেলটির পিছু নিলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় পার্শ্ববর্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খান শরিফুল ইসলাম এবং ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জের প্রতিনিধি এএসআই শামসুজ্জামানসহ পুলিশের একাধিক সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন।
মনিরামপুর থানার ওসি মো. আবু সাঈদ জানান, ঘটনাস্থল থেকে বোমাসদৃশ আলামত পাওয়া গেছে। পুলিশ সেগুলো সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। আগামীকাল এ বিষয়ে মামলা হতে পারে বলেও জানা গেছে।
এদিকে, প্রকাশ্য স্থানে এ ধরনের বোমা নিক্ষেপের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিশেষ করে একজন সম্ভাব্য জনপ্রতিনিধি প্রার্থীকে লক্ষ্য করে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।
তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয়দের প্রত্যাশা, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
