ফারুক রহমান, সাতক্ষীরা:
সুন্দরবনে বনদস্যুদের তান্ডবে জীবিকার সংকটে হাজার হাজার পরিবার। উপার্জন না থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবিক সংকটে বনে উপর নির্ভরশীল পরিবারের সদস্যরা।
এরই ধারাবাহিকতায় সুন্দরবনের ওপর নির্ভরশীল হাজার হাজার পরিবারের জীবিকায় নেমে এসেছে অনিশ্চয়তা। বনদস্যুদের অপহরণ ও চাঁদাবাজির আতঙ্কে বনে মাছ, কাঁকড়া ও গোলপাতা আহরণে যেতে পারছেন না অনেক বনজীবী। এতে আয়-রোজগার বন্ধ হয়ে বিপাকে পড়েছে পরিবারগুলো। সংসারের অভাবের পাশাপাশি হুমকির মুখে পড়েছে সন্তানদের পড়াশোনা। এমন পরিস্থিতিতে নিজেদের শিক্ষা ও পরিবারের জীবিকা রক্ষার দাবিতে এবার রাজপথে নেমেছে সুন্দরবন উপকূলের শিক্ষার্থীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় গাবুরা ইউনিয়নের সোরা স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা মাঠ থেকে শুরু হয় ব্যতিক্রমী ‘উপকূলে জাগরণ যাত্রা, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এসব কর্মসূচিতে বই-খাতা, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে মুখর করে তোলে উপকূলীয় জনপদ। কর্মসূচির একপর্যায়ে শিক্ষার্থীরা খাতার পৃষ্ঠা ছিঁড়ে পানিতে ফেলে প্রতীকী প্রতিবাদ জানায়। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বক্তব্যে উঠে আসে পরিবারগুলোর অসহায়ত্বের চিত্র।
নবম শ্রেণির শিক্ষার্থী হাফিজা খাতুন বলেন, বাবা-মায়ের বেকারত্ব আমাদের বই-খাতা কেড়ে নিচ্ছে। বনদস্যুদের নির্মূলে দ্রুত সাঁড়াশি অভিযান চালাতে হবে।
শিক্ষার্থী সাকিলা পারভীন বলেন, দস্যুদের ভয়ে বাবা বনে যেতে পারছেন না। সংসারে খাবারের অভাব। পরীক্ষার ফি দেওয়া কিংবা নতুন বই কেনার সামর্থ্যও নেই। আমরা বাঁচতে চাই, পড়াশোনা চালিয়ে যেতে চাই।
শিক্ষার্থী হিরা মনি ষ বলেন, দস্যুদের তাণ্ডবে একটি পুরো প্রজন্ম যদি শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়, তাহলে এর দায়ভার কে নেবে?
উপকূলের অভিভাবকরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। মনোয়ারা খাতুন বলেন, জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালানো এবং সন্তানের পড়াশোনার খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে। সংকট মোকাবিলায় দ্রুত সরকারি সহায়তা ও ত্রাণের ব্যবস্থা করা প্রয়োজন।
অভিভাবক কামরুল ইসলাম বলেন, বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধ না হলে বনজীবী পরিবারগুলো অনাহার ও অশিক্ষার অন্ধকারে হারিয়ে যাবে।
কর্মসূচিতে বক্তব্য দেন চাঁদনীমুখা এম এম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রাসেল রানা, চাঁদনীমুখা পরিজান আলিম মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ হোসেন, সাকিলা পারভীন, আশুরা খাতুন, অয়েস কুরুনী, মুন্নি আক্তার, রাকিব হোসেন, টুটুল, জিল্লুর রহমান ও হিরা মনি।
ইংরেজি সাহিত্যের সম্মান শ্রেণির শিক্ষার্থী জিয়ারুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচি পরিচালনা করেন কলেজশিক্ষার্থী আশিকুর রহমান।
শঅভিভাবকদের পক্ষে সংহতি জানান গাজীবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মো. শফিকুল ইসলাম, মনোয়ারা খাতুন ও কামরুল ইসলাম। শিক্ষকদের পক্ষে সংহতি প্রকাশ করেন মাস্টার আব্দুর রহিম ও শহিদুল ইসলাম।
কর্মসূচি থেকে সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান, অপহরণ ও চাঁদাবাজি বন্ধ, বনজীবীদের নিরাপদে জীবিকা নির্বাহের নিশ্চয়তা এবং সংকটে পড়া পরিবারগুলোর শিক্ষার্থীদের জন্য জরুরি আর্থিক সহায়তা প্রদানের দাবি জানানো হয়।
