, , ,

কালীগঞ্জে জমজমাট পানের হাট, দাম না পেয়ে হতাশ চাষিরা

আরো খবর

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ধান, কলা আর পান, এই তিন ফসলের সঙ্গে গভীর ভাবে জড়িয়ে রয়েছে ঝিনাইদহের কৃষি ও অর্থনীতি। কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বাণিজ্যিক ভাবে পানের চাষ হয়ে আসছে দীর্ঘদিন বছর। দেশের বিভিন্ন অঞ্চলে এখানকার মিষ্টি পানের রয়েছে আলাদা চাহিদা ও সুনাম। পানের উৎপাদন ও বেচাকেনার জমজমাট চিত্রের আড়ালে রয়েছে চাষিদের হতাশা। ভালো ফলন হলেও উৎপাদন খরচের তুলনায় দাম কম থাকায় লাভের মুখ দেখছেন না পান চাষিরা।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলরামপুর বাজারে সপ্তাহে দুই দিন, রবিবার ও বুধবার বসে পাইকারি পানের হাট। স্থানীয় ভাবে এ হাট ”পেনো হাটা” নামে পরিচিত। হাটের দিন সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে পান নিয়ে আসেন চাষিরা। পাইকারী ও ব্যবসায়িদের হাঁকডাকে মুখর হয়ে ওঠে পুরো বাজার। সারি সারি ঝুড়িতে সাজানো পান আর ক্রেতা-বিক্রেতার ব্যস্ততায় হাটজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

বেচাকেনা শেষে এখানকার পান চলে যায় দেশের বিভিন্ন জেলার বাজারে।কিন্তু হাটের এই জমজমাট দৃশ্যের বিপরীতে চাষিদের মুখে নেই স্বস্তির হাসি। তাদের অভিযোগ, সার, কীটনাশক, শ্রমিকের মজুরি, বরজ নির্মাণ ও পরিচর্যার খরচ দিন দিন বাড়ছে ও সঙ্গে যুক্ত হয়েছে পরিবহন ব্যয়। সব মিলিয়ে উৎপাদন খরচ বেড়ে গেলেও সে অনুপাতে পান বিক্রি করতে পারছেন না তারা।বাজারে পান বিক্রি করতে আসা চাষি আকবর সাধু বলেন, এবার বরজে পান ভালো হয়েছে। কিন্তু বাজারে সেই অনুযায়ি দাম পাচ্ছি না।

বরজ করতে বাঁশ,খুঁটি, জাল,সার, ওষুধ ও শ্রমিকের পেছনে অনেক টাকা খরচ হয়। পান তুলে হাটে আনার পর পরিবহন খরচ দিতে হয়। সব খরচ বাদ দিয়ে হাতে তেমন কিছুই থাকে না। ফলন ভালো হলেও দাম না থাকায় আমাদের কষ্ট থেকেই যাচ্ছে।পানচাষি আনছার মন্ডল বলেন, পান চাষে সারা বছরই পরিশ্রম করতে হয় কিন্তু প্রতিদিন বরজের পরিচর্যা করতে হয় রোগবালাই হলে ওষুধ দিতে হয়। শ্রমিকের মজুরি ও সার-কীটনাশকের দাম অনেক বেড়েছে। কিন্তু পান বিক্রি করে আগের মতো লাভ হচ্ছে না। বাজারদর যদি একটু ভালো থাকত, তাহলে পান চাষ করে পরিবার নিয়ে স্বস্তিতেথাকা সম্ভব হতো।

বর্তমানে ছোট, মাঝারি ও বড় আকারের পানের বাজারদর তুলনামূলক ভাবে কম। স্থানীয় হিসাবে ৮০ পাতা পানকে এক পোন বা বিড়া বলা হয়। ছোট পান প্রতি পোন বিক্রি হচ্ছে প্রায় ৫০ থেকে ৫৭ টাকায়। অর্থাৎ ১০০ পোনের দাম দাড়াচ্ছে ৫ হাজার থেকে ৫৭০০ টাকা। মাঝারি পান প্রতি পোন ৬৩ থেকে ৭৫ টাকা এবং ১০০ পোন ৬৩০০ থেকে ৭৫০০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বড় পান প্রতি পোন ১১০ থেকে ১৩৫ টাকা এবং ১০০ পোন ১১ হাজার থেকে ১৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।চাষিদের দাবি, এসব দামে উৎপাদন ও বাজারজাত করণের খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে। পান চাষে বরজ তৈরি ও রক্ষণা-বেক্ষণে বড় অঙ্কের অর্থ প্রয়োজন। বরজ তৈরির পর নিয়মিত শ্রমিক দিয়ে পরিচর্যা, সেচ, সার ও বালাই দমনসহ বিভিন্ন কাজে ব্যয় করতে হয়। ফলে উৎপাদন খরচের সঙ্গে বাজার দরের সামঞ্জস্য না থাকায় অনেক চাষি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

বলরামপুর পানের হাটের ইজারাদার বাবুল বিশ্বাস বলেন, সপ্তাহে দুই দিন হাট বসে। দূর-দূরান্ত থেকে মানুষ আসে। হাটে কোনো ঝামেলা বা অসুবিধা নেই। প্রতি হাটে প্রায় অর্ধকোটি টাকার পান বিক্রয় হয়। মাঝেমধ্যে বিভিন্ন কারণে পানের বরজে আগুন লাগে। গত কয়েক বছরে বেশ কয়েকটি বরজে অগ্নিকান্ডে লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে।কালীগঞ্জ উপজেলার বলরামপুর গ্রাম ছাড়াও যশোর-ঝিনাইদহ মহাসড়কের সেতুসংলগ্ন এলাকা, গাজীর বাজার ও কোলা বাজারে বড় পাইকারি পানের হাট বসে। উপজেলার সিংগী বাজার, ভাটাডাঙ্গা,গোমরাইল,চাপরাইল,বলরামপুর,বারোপাকিয়া,তৈলকূপী, কামারাইল, দুধরাজপুর, গোপালপুর, বাসুদেবপুর ও হরদেবপুরসহ বিভিন্ন গ্রামে বানিজ্যিক ভাবে পান চাষ হয়।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, কালীগঞ্জের মাটি অত্যন্ত উর্বর। এ কারণে উপজেলাকে শস্যভান্ডার বলা হয়। এ এলাকার মাটি ও পরিবেশ উপযোগী। কালীগঞ্জ উপজেলায় মোট ২১৬ হেক্টর জমিতে পান চাষ হচ্ছে। তন্মধ্যে রায়গ্রাম ইউনিয়নে ১২০ হেক্টর, নিয়ামতপুর ইউনিয়নে ৭৭ হেক্টর এবং অন্যান্য এলাকায় ১৯ হেক্টর জমিতে পান চাষ রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ