, , ,

৩ লাখ খেজুরের গাছ থেকে রস সংগ্রহ শুরু, যশোরে ১২০ কোটির গুড় প্রাপ্তির প্রত্যাশা

আরো খবর

শাহাজান শাকিল:হেমন্তের সূচনায় কাশফুলের ডগায় শিশির ফোঁটা আর ভোরের কুয়াশাচ্ছন্ন শীতল হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীতের এই আমেজ শুরু হতেই ‘যশোরের যশ, খেজুরের রস’Ñএই প্রবাদকে সামনে রেখে জেলার গ্রামীণ জনপদে খেজুর গাছ তোলা, রস সংগ্রহ ও গুড় তৈরির উৎসব শুরু হয়েছে। ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পাওয়ার পর ঐতিহ্যবাহী এই গুড়ের কদর ও চাহিদা দেশ-বিদেশে আরও বেড়েছে। চলতি শীত মৌসুমে জেলায় খেজুরের রস ও গুড় বিক্রি করে ১২০ কোটি টাকারও বেশি আয়ের স্বপ্ন দেখছেন গাছি ও সংশ্লিষ্টরা।

যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার জেলার ৮ উপজেলায় মোট ৩ লাখ ১২ হাজার ৯৬১টি খেজুর গাছ থেকে রস আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব গাছ থেকে প্রায় ৩ কোটি ৮৮ লাখ ৬ হাজার ৫৬৫ লিটার রস সংগ্রহ করে ৩ হাজার ৯০ মেট্রিক টন গুড় উৎপাদনের আশা করা হচ্ছে। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, একটি পরিপক্ব খেজুর গাছ থেকে পুরো মৌসুমে গড়ে ৭ থেকে ৮ কেজি গুড় পাওয়া যায়। বর্তমানে স্থানীয় বাজারের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন উদ্যোক্তাদের মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে এমনকি প্রবাসীদের কাছেও পৌঁছে যাচ্ছে যশোরের এই সুস্বাদু নলেন গুড় ও পাটালি।

সরেজমিনে জেলার মনিরামপুর, চৌগাছা, বাঘারপাড়া, শার্শা ও সদর উপজেলার খাজুরা এলাকার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, গাছিরা এখন চরম ব্যস্ত সময় পার করছেন। ভোরের আলো ফোটার আগেই কোমরে শক্ত দড়ি বেঁধে ধারালো দা নিয়ে গাছে উঠে পড়ছেন তারা। গাছ পরিষ্কার করে নলি বসিয়ে মাটির হাঁড়ি (ভাঁড়) পাতছেন এবং সূর্য ওঠার আগেই রসভর্তি হাঁড়ি নামিয়ে আনছেন। এরপর বাড়ির আঙিনায় মাটির চুলায় নারীরা সেই রস জ্বাল দিয়ে তৈরি করছেন সুগন্ধি দানা গুড়, ঝোলা গুড় ও পাটালি। বর্তমানে স্থানীয় বাজারে প্রতি হাঁড়ি কাঁচা রস ২০০ থেকে ৪০০ টাকা, দানা গুড় প্রতি কেজি ৩৫০ থেকে ৪০০ টাকা এবং ভালো মানের পাটালি গুড় ৪৫০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আশানুরূপ আয়ের সম্ভাবনা থাকলেও গাছের স্বল্পতা এবং উপকরণের দাম বৃদ্ধি নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন প্রান্তিক গাছিরা। যশোরের খাজুরা এলাকার প্রবীণ গাছি আবদুর রহিম, মোমরেজ আলী ও আব্দুল বারিকরা জানান, খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরি তাদের বংশপরম্পরার পেশা ও ঐতিহ্য। কিন্তু বর্তমানে এক মণ জ্বালানি কাঠ কিনতে খরচ হচ্ছে প্রায় ২০০ টাকা। এ ছাড়া গাছ তোলার ভালো মানের একটি দা কিনতে লাগছে ৮০০ থেকে ৯০০ টাকা। মাটির ঠিলা (ভাঁড়), বাঁশের নলি ও কোমরের দড়ির দামও আগের চেয়ে অনেক বেড়েছে।

তারা আরও জানান, ইটভাটায় জ্বালানি হিসেবে অবাধে খেজুর গাছ ব্যবহারের কারণে জেলায় দিন দিন গাছের সংখ্যা কমছে। অন্যদিকে, গাছে ওঠা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও শ্রমসাধ্য কাজ হওয়ায় এবং মৌসুম শেষে বিকল্প কর্মসংস্থান না থাকায় নতুন প্রজন্ম এ পেশায় আসতে আগ্রহী হচ্ছে না। ফলে অভিজ্ঞ গাছির সংকটও প্রকট হচ্ছে।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক জাহিদুল ইসলাম জানান, যশোরের খেজুর গুড়ের সমৃদ্ধ ঐতিহ্যের পাশাপাশি বিশাল অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে। জিআই পণ্য হিসেবে আন্তর্জাতিক মান বজায় রাখতে নিরাপদ রস সংগ্রহ ও ভেজালমুক্ত (চিনি বা হাইড্রোজমুক্ত) গুড় উৎপাদনে গাছিদের প্রশিক্ষণ, পরামর্শ ও উঠোন বৈঠকের মাধ্যমে উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি সরকারিভাবে রাস্তার দুই পাশে ও পতিত জমিতে নতুন করে খেজুর গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া খাঁটি গুড়ের বাজার সম্প্রসারণে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও চৌগাছাসহ জেলার বিভিন্ন স্থানে ‘খেজুর গুড় মেলা’ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট অর্থনীতিবিদ ও স্থানীয় সচেতন মহলের মতে, শুধু বাজারের আকার বাড়ালেই চলবে না, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে উৎপাদকদের সঙ্গে ব্যবসায়ী ও অনলাইন উদ্যোক্তাদের সরাসরি সংযোগ তৈরি করতে হবে। গাছিদের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে এবং পরিকল্পিতভাবে খেজুর গাছ সংরক্ষণ করা হলে যশোরের এই ঐতিহ্যবাহী শিল্প গ্রামীণ অর্থনীতিতে আরও বড় বিপ্লব ঘটাবে।

আরো পড়ুন

সর্বশেষ