নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার (২৭ নভেম্বর) প্রথম দিনেই ইজতেমাকে কেন্দ্র করে শহরের উপশহর মারকাজ মসজিদ-সংলগ্ন মাঠে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম ঘটে। সেখানে আদায় করা হয় জেলার সর্ববৃহৎ জুমার নামাজ।
দেশি-বিদেশি ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে ইজতেমা ময়দানে সৃষ্টি হয় ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ।
দিল্লির নিজামুদ্দিন মারকাজের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের উদ্যোগে আয়োজিত এ ইজতেমায় জুমার নামাজের ইমামতি ও দোয়া পরিচালনা করেন ঢাকার কাকরাইলের মুরুব্বি মাওলানা ওসামা।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এর আগে শুক্রবার ফজরের নামাজের পর কাকরাইলের তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি মাওলানা সাইফুল্লাহর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
জুমার নামাজের পর দ্বীন, নৈতিকতা ও ইসলামি জীবনব্যবস্থা নিয়ে বয়ান করেন সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) হুমায়ুন হায়দার।
তিন দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশের আমির ওয়াসিফুল ইসলামসহ তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বিরা ইমান, আমল ও আত্মশুদ্ধির বিষয়ে বয়ান করবেন।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই যশোরের বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন।
ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের মুসল্লি ও মেহমানদের উপস্থিতিতে ময়দানে তৈরি হয়েছে আন্তর্জাতিক আবহ।
আয়োজকদের প্রত্যাশা, তিন দিনে প্রায় ৫০ হাজার মুসল্লির সমাগম হবে।
ইজতেমার জিম্মাদার এসএম ইয়াসিন রহমান জানান, আয়োজনকে সামনে রেখে জেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
ইতোমধ্যে ৪০ থেকে ৫০টি জামাত প্রস্তুত রয়েছে। ইজতেমা শেষে ৬০ থেকে ৭০টি জামাত দ্বীনের দাওয়াতে বের হবে বলে আশা করা হচ্ছে।
মুসল্লিদের নির্বিঘ্নে ইবাদত ও অবস্থানের জন্য ময়দানজুড়ে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল।
পাশাপাশি অজু ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিশুদ্ধ পানির সরবরাহ এবং বায়ো প্ল্যান্টের ব্যবস্থা রাখা হয়েছে।
সার্বিক শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি জরুরি চিকিৎসাসেবা দিতে প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম।
রোববার (২৯ নভেম্বর) ফজরের নামাজের পর শেষ ঈমানি বয়ান এবং বেলা ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ জেলা ইজতেমার সমাপ্তি ঘটবে।
আয়োজন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।
